জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘সরকারি কর্মকর্তারা যেভাবে নিয়মিত বেতন ও সুযোগ-সুবিধা পান, সাংবাদিকদের জন্যও সেই মানের বেতন কাঠামো এবং সরকারি সুযোগ-সুবিধার ব্যবস্থা করা উচিত।’
তিনি বলেন, ‘সাংবাদিকদের কল্যাণে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন করা প্রয়োজন। সাংবাদিকরা ভালো থাকলে দেশ, জাতি ও গণতন্ত্র ভালো থাকবে।’
আজ সোমবার জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘গণমাধ্যমকে ইতোপূর্বেই শিল্প হিসেবে ঘোষণা করে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু বাস্তবে এটি এখনো পূর্ণাঙ্গ শিল্পের মর্যাদা পায়নি।
হুইপ বলেন, ‘আমি সব সময় সাংবাদিকদের আপন মানুষ হিসেবে বিবেচনা করি। কোনো সাংবাদিক শেষ জীবনে অর্থকষ্টে বা বিনা চিকিৎসায় মানবেতর জীবন যাপন করে মৃত্যুবরণ করুক, এটা আমরা চাই না।’
এ সময় তিনি পেশাদার সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্যের কথা স্মরণ করেন এবং নবীন সাংবাদিকদের অভিজ্ঞ অগ্রজদের অনুসরণ করে সংসদীয় গণতন্ত্রকে আরো প্রাণবন্ত করতে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশে একটি সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, যা মাইলফলক হয়ে থাকবে। গণতন্ত্রের এই ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখতে হবে।’