Image description

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরার বড়শিতে বিলুপ্তপ্রায় মিঠা পানির একটি কুমির ধরা পড়েছে। পরে এটিকে ডাঙায় তুলে বেঁধে রাখেন জেলেরা।

 

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে কাজীবাড়ির ঘাট এলাকায় বিরল এই কুমিরটির ধরা পড়ে। এদিন বিকেল ৩টা পর্যন্ত কুমিরটি উদ্ধার করেনি বন বিভাগ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মাছ ধরার জন্য পদ্মায় ‘হাজারি বড়শি’ ফেলেন সাগর বেপারী, স্বপন বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াস নামে চার জেলে। সোমবার সকালে তারা বড়শি তুলতে গিয়ে দেখেন বড় কোনো মাছের বদলে পাঁচ ফুটের বেশি লম্বা একটি কুমির আটকা পড়েছে। পরে জেলেরা কুমিরটিকে ডাঙায় নিয়ে আসেন এবং প্রশাসনকে খবর দেন।

 

ফরিদপুরে সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তাওহীদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কুমিরটি লম্বায় প্রায় সাড়ে পাঁচ ফুট। এটি মিঠাপানির একটি কুমির।

 

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পদ্মায় কুমিরটি পাহারা দেওয়া হচ্ছে। বন বিভাগের কর্মকর্তারা এলে তাদের কাছে কুমরটি হস্তান্তর করা হবে।

 

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, বন বিভাগে বিষয়টি জানানো হয়েছে। খুলনা বিভাগীয় বন ও বন্যপ্রাণী সংরক্ষণের কর্মকর্তারা রওনা দিয়েছেন। তারা পৌঁছালে কুমিরটি সংরক্ষণের জন্য নিয়ে যাবেন।