Image description

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষকদের আগে নিজেদের চিন্তা-ভাবনা ও মানসিকতার পরিবর্তন আনা জরুরি।

তিনি বলেন, শিক্ষকরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন, বরং একটি সম্মানজনক পেশার সদস্য। তাই কারও কাছে গিয়ে ব্যক্তিগত বা রাজনৈতিক সহায়তা চাওয়ার প্রয়োজন নেই। বরং নিজেদের পেশাগত অবস্থানকে আরও দৃঢ় করতে হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, শিক্ষকতা জাতি গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ পেশা। তাই শিক্ষকরা এমন অবস্থানে থাকবেন, যেখানে মানুষ তাদের কাছেই আসবে। তাদের কারও কাছে ধর্না দেওয়ার প্রয়োজন নেই।

তিনি অভিযোগ করে বলেন, গত দেড় দশকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নৈতিকতা ও বিবেকের অবক্ষয় দেখা গেছে। প্রভাবশালী ব্যক্তিদের সন্তুষ্ট করতে গিয়ে অনেকের পেশাগত মর্যাদাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সময় এসেছে আইনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার।

তিনি স্পষ্ট করে বলেন, কেউ যতই প্রভাবশালী হোক না কেন, সবাই আইনের অধীন। দেশের সব কার্যক্রমই আইনগত কাঠামোর মধ্যেই পরিচালিত হতে হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি আরও বলেন, বিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে কোনো অযাচিত প্রভাব প্রবেশ করতে না পারে। যারা আইন মেনে চলবে, তারা সহযোগিতা পাবে। আর যারা নিয়মের বাইরে যাবে, তাদের জন্য আইনগত ব্যবস্থা রয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইনসহ অন্যান্য শিক্ষকরা।

সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ব্যারিস্টার কায়সার কামাল।

 

শীর্ষনিউজ