বৈশাখের প্রবল তাপদাহ আর দীর্ঘ প্রতীক্ষার ধকল সইতে পারলেন না ভারতের পশ্চিমবঙ্গের চার ভোটার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের দিন দুই মেদিনীপুর, মালদহ ও বীরভূমে চারজন প্রাণ হারিয়েছেন।
আলিপুর আবহাওয়া দপ্তর আগেই গরম নিয়ে সতর্ক করেছিল। জানানো হয়েছিল, সকালে যত তাড়াতাড়ি সম্ভব ভোট দিয়ে আসুন। বয়স্ক ও অসুস্থদের ক্ষেত্রে বাড়তি যত্ন নেওয়ার কথাও বলেছিলেন চিকিৎসকরা। কিন্তু তাও মৃত্যু আটকানো গেল না।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোদের তেজ বাড়ার ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। সবার পরিচয় পাওয়া গেছে । তারা হলেন পটাশপুরের নৃপেন্দ্র দাস, কেশপুরের ইসরাতন বিবি, মালতিপুরের প্রমিলা বাগদি ও সিউড়ির অসীম রায়।
পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বামনবাড় জুনিয়র হাইস্কুলের ২৩৪ নম্বর বুথে সকালে ভোটারদের লম্বা লাইন ছিল। সেখানেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন ৫৮ বছর বয়সি নৃপেন্দ্র দাস। হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। তখনই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সীমা গেরিয়া এলাকায় ভোট দিয়ে বেরিয়েই মারা গেছেন ইসরাতন বিবি নামে এক নারী। জানা গেছে, তার স্বামী শেখ নবাবজান আলির নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় বেশ কিছুদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন তিনি। স্বামীকে ছাড়াই এদিন বুথে এসেছিলেন। ভোট দেওয়ার পরই অসুস্থ বোধ করেন এবং কিছুক্ষণ পরেই সব শেষ হয়ে যায়।
মালদহের মালতিপুরেও একই অবস্থা। বেলা ১১টা নাগাদ ভোট দিতে গিয়ে বুথের মধ্যেই মাথা ঘুরে পড়ে যান প্রমিলা বাগদি। হৃদরোগে আক্রান্ত ওই মহিলাকে উদ্ধার করে বাড়িতে আনা হলে তার মৃত্যু হয়। বীরভূমের সিউড়ির ১০ নম্বর ওয়ার্ডেও ঘটেছে মর্মান্তিক ঘটনা। ভোট দিতে যাওয়ার পথেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ডাঙালপাড়ার বাসিন্দা অসীম রায়ের।
বিধানসভা নির্বাচনে প্রথম দফায় রাজ্যটির ১৬ জেলার ১৫২ আসনে ভোট নেওয়া হচ্ছে। জেলাগুলো হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান।
এদিন ভোর সাড়ে ৫টা থেকে শুরু হয় মকপোল। ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৭টায়, শেষ হবে সন্ধ্যা ৬টায়। দুপুর ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ৬২ দশমিক ১৮ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। তথ্য অনুসারে, প্রথম দফায় ১৫২ আসনের জন্য মোট ৪৪ হাজার ৩৬৭টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে প্রধান বুথের সংখ্যা ৪১ হাজার ৪১৮। সহকারি বুথ রয়েছে ২ হাজার ৯৫৮টি।