চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র্যাব) কর্মকর্তা হত্যা মামলায় সন্ত্রাসী আবুল কাশেম ওরফে ‘নলা কাশেম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কছে থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি করা হয়।
বুধবার (২২ এপ্রিল) রাতে জঙ্গল সলিমপুরে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জঙ্গল সলিমপুর এলাকাকে অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশের নিয়মিত নজরদারি ছিল। সম্প্রতি নলা কাশেমের নেতৃত্বে একটি সশস্ত্র চক্র এলাকায় পুনরায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ।
রাত পৌনে ১০টার দিকে পুলিশ সন্ত্রাসীদের আস্তানাটি চারদিক থেকে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আক্রমণাত্মক প্রস্তুতি নিলেও প্রতিরোধ করা হয়। অভিযানে নলা কাশেমকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হলেও অন্ধকারের সুযোগ নিয়ে তার সহযোগীরা গহিন জঙ্গলে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত নলা কাশেমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি এবং অস্ত্র আইনসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। সম্প্রতি জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবেও তার নাম রয়েছে।
এসপি মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন জানান, জঙ্গল সলিমপুরকে স্থায়ীভাবে সন্ত্রাসমুক্ত করতে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
তিনি বলেন, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আসতে হবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।