চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বুধবার (২২ এপ্রিল) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে কলেজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
তবে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের ডিগ্রি (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এছাড়া তৃতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষা আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে। ২২ ও ২৩ এপ্রিলের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।
জানা গেছে, কলেজ ক্যাম্পাসে একটি গ্রাফিতিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। দেয়ালে লেখা ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’ স্লোগান থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখা হলে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
মঙ্গলবার সকালে প্রথম দফায় সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। পরবর্তীতে বিকেল ৪টার দিকে আবারও সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মুখোমুখি হয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। কলেজের সামনের সড়ক এলাকায়ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে ছাত্রশিবিরের কর্মী আশরাফুল ইসলাম গুরুতর আহত হন। তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
শীর্ষনিউজ/