Image description

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য প্রায়ই উপেক্ষিত থাকে। তিনি আক্ষেপের সুরে বলেন, কোনো সরকারই এই মন্ত্রণালয়ের কৃতিত্ব যথাযথভাবে মূল্যায়ন করে না।

বুধবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জ্বালানি সংকট বলতে চাই না। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সহনীয় পর্যায়ে দাম সমন্বয় করা হয়েছে। কোথাও কালোবাজারি বা অবৈধ মজুতের অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, অতীতের মতো দোষারোপের রাজনীতিতে না ফিরে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে। সংসদে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রশংসা পছন্দ করেন না, তাও প্রশংসা করতে হয়। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আমরা প্রতিটি পেট্রোল পাম্পে তদারকি করেছি। এ পদক্ষেপ না থাকলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারত বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, যত দোষ নন্দ ঘোষ। কোনো সরকারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৃতিত্ব স্বীকার করে না। কিছু হলেই বলে ওঠে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করে!

এদিকে বিরোধী দলীয় সদস্য সাইফুল আলম খান মিলন সরকারের সমালোচনা করে বলেন, রাজধানীর কারওয়ানবাজারে প্রতিদিন বিপুল অঙ্কের চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জ্বালানি প্রতিমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা, তা নিয়ে জনমনে সন্দেহ রয়েছে।

অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে নেতিবাচক বক্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেন, দেশে কোনো ধরনের ‘মব কালচার’ বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলার ক্ষেত্রে বাংলাদেশকে একটি উদাহরণ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

শীর্ষনিউজ