হরমুজ প্রণালিতে জাহাজে হামলার পর এবার আরও দুটি জাহাজকে জব্দ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)।
আজ বুধবার ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। আটক করা জাহাজ দুটি ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে আইআরজিসির নৌবাহিনী।
তারা জানিয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া চলাচল এবং নেভিগেশন সিস্টেম বা নৌ-চলাচল ব্যবস্থায় কারচুপির দায়ে আটক করা হয়েছে ‘এমএসসি ফ্রান্সেসকা’ এবং ‘এপামিনোডস’কে। জাহাজ দুটি শনাক্ত করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।
জাহাজ দুটি ইসরায়েলি পরিবহন সংশ্লিষ্ট বলে আইআরজিসির দাবি। ইরানের আঞ্চলিক জলসীমায় নিয়ে যাচাই করা হয়েছে সেগুলোর পণ্য ও নথিপত্র।
একই বিবৃতিতে তারা সতর্ক করেছে, প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরান ঘোষিত নিয়ম ভাঙলে তা মোকাবিলা করা হবে কঠোরভাবে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
এর আগে, স্থানীয় সময় বুধবার ভোরে তিনটি কনটেইনার জাহাজে হামলা চালিয়েছে আইআরজিসি। এ হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজগুলোর কমান্ড ব্রিজ বা নিয়ন্ত্রণ কক্ষ। তবে অক্ষত রয়েছে জাহাজে থাকা নাবিক ও ক্রুরা।