Image description

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট করেছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, বন্দরের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সরকারের হাতেই থাকবে।

বুধবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বন্দরের সক্ষমতা বাড়াতে বিভিন্ন টার্মিনাল পরিচালনার জন্য দেশি ও বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলেও তা কেবল পরিচালনাগত দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ। এসব ক্ষেত্রে সরকারের অনুমোদন ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কাঠামোর ভিত্তিতেই অপারেটর নির্বাচন করা হয়।

তিনি আরও জানান, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চট্টগ্রাম বন্দর-এর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির কাজ চলমান রয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন টার্মিনাল অপারেটরদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

বর্তমানে পতেঙ্গা কনটেইনার টার্মিনালে একটি বিদেশি অপারেটর কাজ করছে। এছাড়া কর্ণফুলী নদীর তীরে লালদিয়া চরে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ডেনমার্কভিত্তিক মার্কস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এর সঙ্গে চুক্তি হয়েছে।

তবে এসব উদ্যোগের ফলে বন্দরের মালিকানা বা নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে যাচ্ছে না বলেও জোর দিয়ে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইনের অধীনে পরিচালিত হয়। একজন চেয়ারম্যানের নেতৃত্বে বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বন্দরের ব্যবস্থাপনা পরিচালনা করেন।

সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী বন্দর কর্তৃপক্ষ কার্যক্রম বাস্তবায়ন করে উল্লেখ করে মন্ত্রী বলেন, “চট্টগ্রাম বন্দরের মালিকানা বা নিয়ন্ত্রণ বিদেশি অপারেটরের হাতে যাওয়ার কোনো সুযোগ নেই।”

শীর্ষনিউজ