Image description

বিদ্যমান আইন ও বিচারব্যবস্থার আমূল সংস্কার দরকার বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। তিনি বলেন, অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরও দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

 

বুধবার (২২ এপ্রিল) দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলেন মাওলানা ইউনুস আহমাদ।

 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য উল্লেখ করে ইউনুস আহমাদ বলেন, গত তিন মাসে সারা দেশে ৮৫৪টি খুনের ঘটনা ঘটেছে। গড়ে প্রতি মাসে খুনের ঘটনা ২৮৪টি এবং প্রতিদিন ৯টার বেশি খুনের ঘটনা ঘটেছে। গণঅভ্যুত্থানের পরের বছর ২০২৫ সালে এবং তার আগের বছরও তুলনামূলক কম খুন হয়েছে। চলতি বছরের তিন মাসে ডাকাতি হয়েছে ১৩৩টি, ছিনতাই ৪৩৯টি ও চুরির ঘটনা ২ হাজার ৩১৮টি। নারী ও শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ৩ হাজার ৯৪৭টি। তিন মাসে পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটেছে ১৪৭ বার। এই মাত্রার অপরাধ আসলেই উদ্বেগজনক। এই তিন মাসের দেড় মাস নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হয়েছে।

 

নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আশা অনুযায়ী কাজ হচ্ছে না জানিয়ে তিনি বলেন, আশা করা হয়েছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু আশাব্যাঞ্জক কিছু চোখে পড়ছে না। বরং কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি আরও অবনতি হয়েছে।

ইউনুস আহমদ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনা থেকে পাঁচ হাজার ৭৬৩টি আগ্নেয়াস্ত্র ও ছয় লাখ ৫২ হাজার ৮ রাউন্ড গুলি লুট হয়েছে। এখন পর্যন্ত এক হাজার ৩২৩টি অস্ত্র উদ্ধার হয়নি। গুলি উদ্ধার হয়নি ২ লাখ ৫৭ হাজার ১৪৪ রাউন্ড। এসব অস্ত্র অপরাধে ব্যবহৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সার্বিকভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। জনমনে আশঙ্কা বিরাজ করছে।

 

 

 

আইনের দুর্বলতা অপরাধ প্রবণতার পেছনে প্রধান কারণ জানিয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, অপরাধ যত বড়ই হোক না কেন, ছয় মাসের মধ্যে জামিনে বের হওয়া যায়। আর কোনো অপরাধীর চূড়ান্ত বিচার এবং তা কার্যকর করার হার এত কম যে, শাস্তির ভয় অপরাধীদের মনে স্থানই পায় না। ফলে অপরাধ করতে অপরাধীরা দ্বিতীয়বার ভাবছে না। এর সঙ্গে রয়েছে আইনের প্রয়োগহীনতা।

 

তার মতে, অপরাধীদের প্রকৃত বিচার হয় না বলেই দেশে খুন, গুম, ছিনতাই ও ডাকাতি বেড়েই চলছে।