Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগতদের সঙ্গে নিয়ে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের প্যারিস রোডের পাশে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে অভিযুক্ত নেতা অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শেখ আবুল হাসান। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র। অন্যদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিব, যিনি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে ক্যাম্পাসের চারুকলা এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। সেখানে এক শিক্ষার্থী ও তার বান্ধবীকে বসা নিয়ে প্রহরীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি প্রশাসনিকভাবে মীমাংসা করা হলেও ওই ঘটনার জের ধরেই নতুন করে উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, ঘটনার দিন রাতে তাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছিল। পরে তিনি চায়ের দোকানে বসে থাকাকালে বহিরাগতদের নিয়ে এসে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি আহত হন এবং চিকিৎসা নিতে হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাস্থলে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাক্কাধাক্কির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।

তবে অভিযুক্ত হাসিবুল ইসলাম হাসিব এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি অসুস্থ ছিলেন এবং ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রচার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, পূর্বের একটি ঘটনা প্রশাসনিকভাবে সমাধান করা হলেও নতুন করে সহিংসতা গ্রহণযোগ্য নয়। তিনি জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রক্টর আরও বলেন, আহত শিক্ষার্থীরা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন এবং প্রশাসন জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।

শীর্ষনিউজ