বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ক্রীড়া ভাতা কার্ড পেয়ে সেটিকে ‘আমিনুল কার্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে, খেলোয়াড়দের জন্য এ ধরনের উদ্যোগ আগে কখনো নেওয়া হয়নি।
দ্বিতীয় ধাপে ক্রীড়া ভাতা কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হলেও দলীয় ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি জামাল। পরে তিনি আজ সকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-এর বাসভবনে গিয়ে নিজ হাতে কার্ড গ্রহণ করেন।
২০১৩ সাল থেকে জাতীয় দলে খেলা জামাল দীর্ঘদিন ধরে দেশের ফুটবলে অবদান রেখে আসছেন। এতদিন খেলোয়াড়রা নিয়মিত সরকারি আর্থিক সহায়তার বাইরে থাকলেও নতুন এই উদ্যোগ তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।
কার্ড হাতে পেয়ে জামাল বলেন, “সবাই এটিকে ক্রীড়া কার্ড বলছে, তবে আমি এটিকে ‘আমিনুল কার্ড’ বলব। কারণ খেলোয়াড়দের জন্য এমন উদ্যোগ আগে কেউ নেয়নি।”
এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, জামাল ভূঁইয়ার মতো খেলোয়াড়দের কারণেই দেশের ফুটবলে বিদেশি খেলোয়াড়দের আগ্রহ বেড়েছে। তার পথ অনুসরণ করেই অনেকে বাংলাদেশ দলে খেলতে আসছে বলে মন্তব্য করেন তিনি।
আগামী ২২ এপ্রিল চীনের সানিয়াতে শুরু হতে যাওয়া এশিয়ান বীচ গেমসের অংশ নিতে দেশ ছাড়বেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এর আগে তিনি জামালের হাতে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেন।
এছাড়া তিনি জানান, আগামী সেপ্টেম্বরে সম্ভাব্য সাফ চ্যাম্পিয়নশীপ আয়োজনেও সরকারের সহায়তা থাকবে এবং দীর্ঘদিন পর দেশের ফুটবলে বড় সাফল্য ফিরিয়ে আনার প্রত্যাশা রয়েছে।
বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, সীমিত বাজেটের মধ্যেও ভালো মানের কোচ আনার চেষ্টা চলছে, যাতে দলের পারফরম্যান্স আরও উন্নত করা যায়।
শীর্ষনিউজ