দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনার হাতে যিশু খ্রিস্টের মূর্তির অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরও জানান, সামরিক কর্তৃপক্ষ ইতোমধ্যে এই বিষয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে।
সোমবার (২০ এপ্রিল) বিবিসির প্রতিবেদন অনুসারে, সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একজন ইসরায়েলি সেনা বড় হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের একটি মূর্তিতে আঘাত করছেন। এই ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী কঠোর বিবৃতি দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, এই ন্যক্কারজনক ঘটনায় তিনি নিজে এবং ইসরায়েলের বিশাল সংখ্যাগরিষ্ঠ জনগণ স্তম্ভিত ও ব্যথিত। তিনি জানান, সামরিক কর্তৃপক্ষ ইতোমধ্যে এই বিষয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। এ ঘটনায় অপরাধীর বিরুদ্ধে যথোপযুক্ত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র স্থান যেখানে সব ধর্মের মানুষের উপাসনার স্বাধীনতা বজায় রাখা হয়। আমরা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি এবং এর ফলে যারা মর্মাহত হয়েছেন, তাদের কাছে ক্ষমা চাইছি।
এর আগে, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি অপরাধী সেনার বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, জনসম্মুখে এ সেনাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।