ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা। দল তাকে মনোনয়ন দেয়নি। এবার তিনি সংরক্ষিত নারী আসন থেকেও মনোনয়নবঞ্চিত হয়েছেন।
সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নাম ঘোষণা করেন।
মনোনয়ন না পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কয়েক ঘণ্টা বাদে (সোমবার বিকেল তিনটা) ফেসবুকে একটি পোস্ট দেন কনকচাঁপা।
এতে তিনি লেখেন, ‘প্রিয় বিশ্ববাসী–আসসালামু আলাইকুম। জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও যখন নমিনেশন পাইনি আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও নাম নাই। আবারও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন।’
তিনি আরও লেখেন, ‘জীবন তো এখানেই শেষ হয়ে গেল না। আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন, আশাকরি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেয়ার অনেক কিছু বাকি আছে।’
কনকচাঁপা লেখেন, ‘ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারব নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন। কনকচাঁপা কণ্ঠ শ্রমিক।’
কনকচাঁপা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য।
এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বী ছিলেন কনকচাঁপা। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক প্রয়াত মোহাম্ম নাসিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
এতে কনকচাঁপা পেয়েছিলেন মাত্র ১ হাজার ৭২ ভোট। বিজয়ী প্রার্থী মোহাম্মদ নাসিম পেয়েছিলেন ৩ লাখ ২৪ হাজার ৪৩৬ ভোট। এরপর ২০২০ সালে মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর আসনটিতে উপ-নির্বাচনে অনুষ্ঠিত হয়। সে নির্বাচনেও দলের মনোনয়ন চেয়ে বঞ্চিত হন কনকচাঁপা। বর্তমান এমপি সেলিম রেজাকে মনোনয়ন দেয়। উপনির্বাচনে মোহাম্মদ নাসিমের পূত্র তানভির শাকিল জয় নৌকা প্রতীকে বিজয়ী হয়েছিলেন।