আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার ফল ৬০ দিনের আগেই প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আগের বছরগুলোতে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হতো, এ বছর ফল প্রকাশ কবে হতে পারে জানতে চাইলে মন্ত্রী বলেন, ৬০ দিনের আগেই ফল প্রকাশ করা হতে পারে। সেশনজট কমাতে এ উদ্যোগ নেওয়া হতে পারে।
তবে মন্ত্রী জানান, এ বছর এসএসসি পরীক্ষার খাতা দেখতে এক্সামিনার বাড়ানো হচ্ছে। এক্সামিনারদের যথেষ্ট সময় দেওয়া হবে।
তিনি আরও বলেন, এসএসসিতে থাকছে না কোনো মানবিক নম্বর। শিক্ষার্থীরা যা লেখবে তাই পাবে। আগে ৭৫ পেলে ৮০ দেওয়া হতো, এখন আর সেই সুযোগ নেই।