Image description

কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে ‘অপদার্থ’ বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন মুহাম্মদ খাজা আহমেদ। তিনি উপজেলার ফিলিপনগরের কথিত পীর আবদুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি।

রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে তার ফেসবুক আইডি থেকে এ পোস্ট দেওয়া হয়।

তবে খাজা আহমেদ দাবি করেন, এটি তার নিজের লেখা পোস্ট নয়, বরং তার আইডি থেকে তার ছোট ভাই এটি পোস্ট করেছেন।

 

ফেসবুক পোস্টে বলা হয়, ‘দৌলতপুর থানার ওসি, জীবনে বিভিন্ন থানায় অন্তত ২০ থেকে ২৫ জন ওসির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। সারা বাংলাদেশের অন্তত ৫০ জন ওসির সঙ্গে ভালো সম্পর্ক আছে। এর মত অপদার্থ আর দ্বিতীয়টি দেখিনি। পুরো দৌলতপুরকে আইনের শাসনে অব্যবস্থাপনার মূল কারিগর এ ব্যক্তি।

তার মূল চাহিদা টাকা। সে মরা লাশের বিষয়েও টাকা ছাড়া কথা বলে না। আমি এসপি কুষ্টিয়া রেঞ্জ ডিআইজি খুলনা মহোদয়ের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি।’ 

 

ফেসবুকে তার এমন পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

 

পীর হত্যা মামলার আসামি হওয়ায় এমন পোস্ট করেছেন কি না এমন প্রশ্নে খাজা আহমেদ বলেন, ‘অনেক আগে থেকেই এই ওসির বিষয়ে এ ধরনের কথা বলে আসছি। তার বিরুদ্ধে এমন নানা অভিযোগ আসছে। অনেককে রাতের বেলায় তিনি ফোন করে মামলার ভয় দেখাচ্ছেন, টাকা চাচ্ছেন। মামলা তো হতে পারে, এখানে খরচ-খরচা আছে এমন কথা বলছেন। তাকে এখন পর্যন্ত ভালো লাগেনি।

তাই এ পোস্টটি করা হয়েছে।’

 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তিনি এখনো ফেসবুক পোস্টটি দেখেননি, তবে বিষয়টি শুনেছেন। একজন হত্যা মামলার আসামি কী লিখলো বা কী বললো—সে বিষয়ে তার কোনো মন্তব্য নেই বলে জানান তিনি।