‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানের বরাতে কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ার কোনো বিল পরিশোধ করা হবে না বলে জানিয়েছে সংসদ কর্তৃপক্ষ।
রবিবার (১৯ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সংসদ সচিবালয়ের ক্রয় কার্যক্রম নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা কর্তৃপক্ষের নজরে এসেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উক্ত সংবাদে উত্থাপিত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে অবিলম্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয় সংক্রান্ত কোনো বিল পরিশোধ করা হবে না।
জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে বাংলাদেশ প্রতিদিনের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে সংসদের বিভিন্ন সরঞ্জামের দাম কয়েকগুণ বাড়ানোর চিত্র। এতে দেখা যায়, ১৮ লাখের ক্যামেরা ৫৮ লাখ, ৪ হাজারের ব্যাগ ৩৪ হাজার এবং ৩ হাজারের কার্ড রিডার কেনা হয়েছে ২১ হাজার ৫০০ টাকায়।