চীন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রবিবার (১৯ এপ্রিল) রাতে মির্জা ফখরুল বেইজিংয়ের উদ্দেশে রওনা হচ্ছেন। আর পরদিন চীন যাচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে সম্প্রতি বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফরে গেছে।
জানা যায়, দুই দিনের সফরে সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বেইজিং যাচ্ছেন। তিনি সেখানে অনুষ্ঠেয় ‘থার্ড হাই-লেভেল কনফারেন্স অব দ্য ফোরাম অন গ্লোবাল অ্যাকশন ফর শেয়ারড ডেভেলপমেন্ট’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বেইজিংয়ে ২১-২২ এপ্রিল পর্যন্ত এ সম্মেলন চলবে। সম্মেলনের লক্ষ্য হলো, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ প্রচেষ্টার আহ্বান জানানো এবং বৈশ্বিক উন্নয়নকে সহজতর করা। এ ২০ জনেরও বেশি বিদেশি উচ্চ পর্যায়ের প্রতিনিধি সশরীরে উপস্থিত থাকবেন।
মির্জা ফখরুলসহ বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলটি আগামী ২২ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে। অন্যদিকে ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার দেশে ফেরার কথা।