ফরম পূরণের টাকা দেওয়ার পরও প্রবেশপত্র পাননি ২০ জন শিক্ষার্থী। চলতি বছর অনিশ্চিত হয়ে পড়েছে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া। অভিযোগটি মাদারীপুর সদরের মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের।
রবিবার দুপুরে বিদ্যালয়ে প্রবেশপত্র নিতে যায় তারা। বিদ্যালয় থেকে জানানো হয়, আসেনি প্রবেশপত্র। এ ঘটনায় উদ্বেগে রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আছে ক্ষোভও।
ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্য, নির্বাচনী পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হলেও পেয়েছিল ফরম পূরণের সুযোগ। এমনকি নির্ধারিত ফির বাইরে দিয়েছিল অতিরিক্ত অর্থ। তারপরও হাতে আসেনি প্রবেশপত্র। তাদের অভিযোগ, ফরম পূরণের নামে প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান রহমান, সহকারী শিক্ষক সোহেল মোড়ল এবং কর্মচারী নূরে আলম।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত বোরহান রহমান ও সোহেল মোড়লের বাসায় গেলেও তাদের পাওয়া যায়নি। এমনকি ফোনে একাধিকবার কল করলেও, সাড়া দেয়নি কেউ।
তবে অভিযোগ অস্বীকার করেছেন নূরে আলম। তার দাবি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের নির্দেশেই হয়েছে সবকিছু। টাকা বা প্রবেশপত্রের বিষয়ে কিছুই জানা নেই তার।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলছিলেন, তদন্ত সাপেক্ষে নেওয়া হবে আইনি ব্যবস্থা। একই আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাবও।