Image description

ভারতের লোকসভায় নারী কোটা বিল বাতিল হওয়ার পর নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, নারী কোটা বিলে হেরেছে বিজেপি। আগামী দিন পুরো হারাব। নাম, ঠিকানা, ফোন নম্বর রেখে দিন। দিল্লি দখল করার পর ওদের মিষ্টি পাঠাব। একটু নাড়ু করে পাঠাব।

 

রোববার (১৯ এপ্রিল) হুগলি জেলার তারকেশ্বরের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

 

তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, লোকসভায় যা রায় হয়েছে, এই সরকার টিকবে না। ছাব্বিশেই পতন শুরু হয়ে গিয়েছে। যাব যাব করছে। পরশুদিনও আমাদের আটজন যেতে পারেনি। শিবসেনাও যেতে পারেনি। আরও ২৫-৩০ জন যেতে পারেনি। সবাই গেলে, সংখ্যাটা যোগ করলেন দেখুন বিজেপি গো-হারা হারবে। হারিয়ে দেব আগামী দিন। পরশুদিন যেমন হারিয়েছি। আগামী দিন পুরো হারাব।

 

তিনি আরও বলেন, আগামী দিন বুঝে নেব। নাম, ঠিকানা, ফোন নম্বর রেখে দিন। দিল্লি দখল করার পর ওদের মিষ্টি পাঠাব। একটু নাড়ু করে পাঠাব।

 

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগমুহূর্তে ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তল্লাশি নিয়ে রাজনৈতিক মহলে আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে এবার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী রণকৌশল সংস্থা আইপ্যাক রাজ্যে তাদের কর্মসূচি স্থগিত করছে বলে খবর চাউর হয়েছে।

 

তবে এই খবর উড়িয়ে দিয়ে আইপ্যাক প্রসঙ্গে তিনি বলেন, আমাদের রোজ ইডি রেড করছে। ভোটের সময় কেন ভাই? এখন মনে পড়ল? আমাদের এজেন্সিগুলোকে বলছে, যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও। কেন? তোমাদের তো ৫০টা আছে। আমাদের ক্ষমতা নেই, একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমাদের দলে যোগ দেবে। আমরা ওদের চাকরি দেব। একটি ছেলেকেও চাকরিহারা করব না। সকালে অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি।

 

গত শুক্রবার সকালে হেভিওয়েট প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি করে ইডি। সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের এক প্রস্তাবকসহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা।

 

এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়ি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমারকে ১৬ ঘণ্টা আটকে রেখেছে। প্রচার করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস হবে। ছেড়ে কথা বলার লোক আমরা নই, মনে রাখুন। আমার যে নিরাপত্তার দায়িত্বে তার বাড়িতেও রেড হয়েছে। আমাকে কি খুন করতে চান? হত্যা করতে চান? খুন করে বাংলা পেতে পারেন কিনা, চেষ্টা করুন না।

 

এরপরই সিপিএমের ওপর দোষ দিয়ে তিনি বলেন, সিপিএমের আমলে অনেকবার চেষ্টা করা হয়েছে। সেই সিপিএম তো আপনাদের দোসর। পচা সিপিএমগুলোর বুদ্ধিতে কাজ করছেন এখন।

 

নাম না করে শুভেন্দু অধিকারীকে ‘গাদ্দার’ তোপ মমতার। তার প্রশ্ন, তৃণমূল নেতাদের বাড়ি রেড হবে। বিজেপির বাড়ি রেড হবে না কেন? গদ্দারের বাড়ি রেড হবে না কেন? তার ভাইয়ের বাড়ি রেড হবে না কেন? বাবার বাড়ি রেড হবে না কেন?

 

এর আগে গত জানুয়ারি মাসে আইপ্যাকের সল্টলেকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালায়। তখন সেখানে হাজির হন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকের অফিস থেকে বেশ কয়েকটি ফাইল নিয়ে বেরিয়ে আসতেও দেখা যায় তাকে। তা নিয়েও আলোচনা-সমালোচনা কম হয়নি।

 

সূত্র: সংবাদ প্রতিদিন