Image description

কোনো কোনো সময় দেশের তরুণরা নিজেদের মেধা খাটিয়ে নতুন নতুন উদ্ভাবন দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রামের এমনই এক তরুণ কাসমিম আহমেদ ফারহান। নিজ উদ্যোগে তিনি মার্সেনারি নামে একটি বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছেন।

 

ফারহানের দাবি অনুযায়ী, মাত্র ৭০ টাকার বিদ্যুতে ৬৫ থেকে ৭০ কিলোমিটার চলতে সক্ষম এই গাড়িটি। ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে চলা ছয় সিটের এই গাড়িটি মূলত ইলেকট্রিক ক্রস ওভার কার। ফারহানের বৈদ্যুতিক গাড়ি তৈরির বিষয়টি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রামের কাসমিম আহমেদ ফারহান। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেছেন তিনি। কিছু উদ্ভাবনের স্পৃহা থেকে কাজ শুরু করেন। এরই ফলশ্রুতিতে তিনি মার্সেনারি নামে একটি ইলেকট্রিক ক্রস ওভার কার তৈরি করেন। গাড়িটি চালিয়ে তিনি পরীক্ষাও করেছেন। এখন গ্রামের মেঠোপথ ধরে ছুটে চলতে দেখা যায় তার এই গাড়িটিকে।

 

 

নিজের তৈরি বৈদ্যুতিক গাড়ি চালান ফারহান। ছবি: এশিয়া পোস্ট
নিজের তৈরি বৈদ্যুতিক গাড়ি চালান ফারহান। ছবি: এশিয়া পোস্ট

 

 
 

 

১০০০ ওয়াটের মোটর, ১০০ এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করে তৈরি হয়েছে কারটি। কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা না পেয়ে ফারহান নিজের মোটরসাইকেল, রেসার কবুতরের ফার্ম বিক্রি করে এবং তার বাবার আর্থিক সাহায্য নিয়ে এক বছর সময়ে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে গাড়িটি তৈরি করেন। স্থানীয় ওয়ার্কশপে নিজস্ব ডিজাইনে কাজ সম্পন্ন করেন তিনি। এ কাজে ফারহানের বাবা তাকে সব ধরনের সহযোগিতা এবং মা তাকে অনুপ্রেরণা দিয়েছেন।

 

ফারহান তার গাড়ির নানা বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে বলেন, গাড়িটির অন্যতম বৈশিষ্ট্য ডুয়েল পাত ফোর স্পিড গিয়ার বক্স, যা গাড়ির গতি ও মাইলেজ বাড়াতে সহায়তা করে। এতে ম্যানুয়াল ট্র্যান্সমিশন মুড আর ডিরেক্ট ড্রাইভ মুড থাকায় বিভিন্ন পরিস্থিতিতে সহজ ও কার্যকরভাবে চালানো সম্ভব হয়। তার উদ্ভাবিত এই গাড়িটি দেশে প্রচলিত ইলেকট্রিক কার থেকে আধুনিক। এ ছাড়া রয়েছে নানা সুবিধা।

 

তিনি দাবি করেন, মাত্র ৭০ টাকার বিদ্যুৎ খরচ করে গাড়িটি ৬৫ থেকে ৭০ কিলোমিটার চলতে পারে। যা বর্তমান জ্বালানি সংকটে সাশ্রয়ী সমাধান হিসেবে বিবেচিত হতে পারে। ভবিষ্যতে ফারহান অটোমোবাইল সেক্টরে কাজ করে নিজের প্রকল্পকে আরও উন্নত করতে চান। এ জন্য তিনি সরকারি পৃষ্টপোষকতার দাবি করেন।

 

 

গ্রামের রাস্তায় ফারহানের বৈদ্যুতিক গাড়ি। ছবি: এশিয়া পোস্ট
গ্রামের রাস্তায় ফারহানের বৈদ্যুতিক গাড়ি। ছবি: এশিয়া পোস্ট

 

 

এলাকাবাসী বলছে, ফারহানের তৈরি এই বৈদ্যুতিক গাড়িটি বর্তমান জ্বালানি সংকটের সময়ে অল্প বিদ্যুৎ খরচে চলতে সক্ষম। কম খরচে তৈরি এমন একটি গাড়ি যদি সরকারি উদ্যোগে বাণিজ্যিকভাবে বাজারজাত করা যায়, তাহলে তা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে।

 

এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ফারহানের তৈরি ইলেকট্রিক ক্রস ওভার কারটির বিষয়ে তিনি শুনেছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।