Image description

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে পাওয়া ফলাফলে বেসরকারিভাবে জয় নিশ্চিত হওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী করায় বগুড়াবাসীর প্রতি তিনি কৃতজ্ঞ।

 

রেজাউল করিম বাদশা বলেন, বগুড়াবাসী ধানের শীষকে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করেছে। গত দুই দশক ধরে বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। এই অঞ্চলের প্রত্যাশিত উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক বগুড়া গড়ে তুলতে চাই।

 

নবনির্বাচিত এই সংসদ সদস্য জানান, বগুড়া সিটি করপোরেশন গঠন, বিমানবন্দর স্থাপন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শহীদ চান্দু স্টেডিয়ামে খেলা পুনরায় চালু এবং যানজট নিরসনসহ বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরবেন তিনি। এসব ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি এই বিজয় বগুড়াবাসীর প্রতি উৎসর্গ করেন।

 

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৫১টি কেন্দ্রে অনুষ্ঠিত এই উপনির্বাচনে (একটি পোস্টাল ব্যালটসহ) মোট ভোট পড়েছে ৪২ দশমিক ৫৮ শতাংশ। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটদানের হার ছিল ৭১ দশমিক ১৫ শতাংশ।

 

নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এ ছাড়া ফুলকপি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার পেয়েছেন মাত্র ৫২৬ ভোট।