লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার প্রেক্ষাপটে যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এতে মার্কিন সরকারকে হয় যুদ্ধবিরতি অথবা ইসরায়েলকে বেছে নেওয়ার কথা বলা হয়।
আনাদোলু এজেন্সি ও তাসনিম নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত অত্যন্ত স্পষ্ট। যুক্তরাষ্ট্রকে হয় যুদ্ধবিরতি বেছে নিতে হবে, না হয় ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে হবে। তারা উভয়টি একসঙ্গে বজায় রাখতে পারবে না।’
আরাগচি আরও বলেন, লেবাননে ইসরায়েলি গণহত্যার বিষয়টি আজ বিশ্ববাসীর সামনে স্পষ্ট। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে এবং বিশ্ব তাকিয়ে আছে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে কিনা তা দেখার জন্য।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননে হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখে, তবে তেহরান যুক্তরাষ্ট্রের সাথে হওয়া এই সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেবে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের ১০০টিরও বেশি স্থানে বিমান হামলা চালিয়েছে। বর্তমান অভিযান শুরু হওয়ার পর থেকে এটিই ছিল সবচাইতে ভয়াবহ হামলা।