রাজধানীর পল্টন এলাকায় স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় গলায় ফাঁস দিয়ে জুবায়ের আহমেদ নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পুরানা পল্টন লেনের নুরুল টাওয়ারের ছাদের একটি কক্ষ এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেখান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পল্টন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিলিং ফ্যানের সঙ্গে লুঙ্গি দিয়ে ঝুলন্ত অবস্থায় জুবায়েরের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্টের প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান নিরব জানান, প্রাথমিকভাবে জানা গেছে, জুবায়ের (২২) পেশায় একজন বাবুর্চি ছিলেন। প্রায় এক বছর আগে তিনি ইশা খাতুন নামের এক তরুণীকে বিয়ে করেন। আজ তিনি নিজ কক্ষে রান্নার কাজ করছিলেন, সেই সময় মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন।
তিনি আরও জানান, কথোপকথনের একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপরই জুবায়ের ভিডিও কল চালু রেখেই সিলিং ফ্যানের সঙ্গে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের সহকর্মীদের বরাতে পুলিশ জানায়, জুবায়ের কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।
জুবায়ের আহমেদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার দারিয়াপুর গ্রামে। তার পিতার নাম আব্দুস সামাদ। তিনি বর্তমানে পল্টনের নুরুল টাওয়ারের ৩৪ নম্বর বাসায় বসবাস করতেন।
পল্টন থানা পুলিশ জানায়, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত আছে।