লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক সংসদ সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় তাকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক আলাউদ্দিন এই আদেশ দেন।
এর আগে বুধবার (৮ এপ্রিল) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সফুরা বেগম রুমী পলাতক ছিলেন। তার বিরুদ্ধে নাশকতা ও হত্যাসহ লালমনিরহাটে মোট ৫টির বেশি মামলা রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয়।
সফুরা বেগম রুমী সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম) এর সাবেক সংসদ সদস্য। এ ছাড়া তিনি বর্তমানে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী আহাদ খন্দকার লেলিন বলেন, আমরা আদালতের কাছে তার শারীরিক অসুস্থতা ও বয়স বিবেচনায় জামিন প্রার্থনা করেছিলাম। তবে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা ন্যায়বিচারের স্বার্থে উচ্চ আদালতে আবেদন করব।