Image description

আগামী এপ্রিল মাসেও জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মনির হোসেন বলেন, ২০২৫ সালের এপ্রিল মাসেও যতটুকু জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে চলতি বছরের এপ্রিল মাসেও একই পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হবে। তো সেই হিসেবে এপ্রিলেও কোনো জ্বালানি তেলেও সংকট হবে না।

তিনি বলেন, ডিজেলের কোনো সংকট নেই। সীমান্তে ডিজেলের পাচার রোধে কড়া নজরদারি জোরদার করা হয়েছে।

যুগ্ম সচিব জানান, বর্তমানে দেশে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন ডিজেল মজুত আছে। এ ছাড়া ৭ হাজার ৯৪০ টন অকটেন, ১১ হাজার ৪৩১ টন পেট্রোল ও জেট ফুয়েল মজুত রয়েছে ৪৪ হাজার ৬০৯ টন।

জ্বালানি বিক্রিতে একটি অ্যাপ তৈরি করছে সরকার। সপ্তাহখানেকের মধ্যে সেটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম নিয়ে আজ সন্ধ্যার মধ্যে একটি সিদ্ধান্ত আসতে পারে।

ডিপো থেকে পাম্পে তেল কম সরবরাহ বা তেল দেয়া হচ্ছে না এমন কোনো অভিযোগ পাইনি উল্লেখ করে জ্বালানির যুগ্ম সচিব বলেন, সোমবার সারা দেশে অভিযানে অবৈধভাবে মজুত করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে সরকার। সবমিলিয়ে এখন পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

মনির হোসেন চৌধুরী আরও বলেন, দেশে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না। কারণ যে পরিমাণ সরবরাহ পাওয়ার কথা ছিল, তা পাওয়া গেছে।