Image description

চব্বিশের গণ-অভ্যুত্থানকে নাই করে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কার যদি পার্লামেন্টে (সংসদে) বাস্তবায়ন না হয় সেটা মাঠে গড়াবে। রাজনৈতিকভাবে সেটার ফয়সালা হবে। সংস্কার ও বিচার হতেই হবে। আপনারা দেখেছেন, বিচারপতি মানিক, ইনু ও মেনন যারা শেখ হাসিনার বৈধতা উৎপাদন করেছিল ভারতের সঙ্গে মিলে, তাদের বিভিন্ন মামলায় জামিন দেওয়া হচ্ছে।

এনসিপির এই নেতা বলেন, বুধবার শহীদ মিনারে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল। শহীদ পরিবার এবং আমাদের যারা আহত ভাইয়েরা রয়েছেন তাদের এখনও আমরা বিচার দিতে পারিনি। এমতাবস্থায় যখন জয় বাংলা স্লোগান হয় সরকারের তত্ত্বাবধানে, তখন এটা আমাদের আশঙ্কা সৃষ্টি করে যে ইলেকশনটা ইন্ডিয়ার সঙ্গে একটা নেগোসিয়েশন করেই হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করে হয়েছে। আমরা সরকারকে এই জায়গা থেকে সরে আসার আহ্বান জানাই।

তিনি বলেন, সরকারকে দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে যারা জয় বাংলা সন্ত্রাসী গোষ্ঠী আছে বাংলাদেশে তাদের নিবৃত্ত করতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিচার এবং সংস্কার দুইটা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। যদি এটা না হয়, আমাদের হয়তো আবার মাঠে নামতে হবে। অনেকেই বলেন যে, আমাদের ডাকে মানুষ মাঠে নামবে কি না? মানুষ প্রস্তুত হয়ে আছে, সাইলেন্ট হয়ে আছে। জাস্ট কল হবে মানুষ মাঠে নামার জন্য প্রস্তুত আছে।