Image description

বাংলাদেশের কেনা জ্বালানি চালানের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান। জানা গেছে, চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বিঘ্নের মধ্যে বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজগুলো যাতে নিরাপদে হরমুজ প্রণালি পেরিয়ে আসতে পারে, সে জন্য ইরানের কাছে কূটনৈতিক সহায়তা চেয়েছিল ঢাকা। জবাবে ঢাকাকে চিঠি দিয়েছে তেহরান, যেখানে বাংলাদেশের ক্রয় করা জ্বালানির চালানের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

চিঠি পাওয়ার একদিন পর বাংলাদেশের জ্বালানি বিভাগ বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশগামী ছয়টি জাহাজের একটি তালিকা ও অন্যান্য বিস্তারিত তথ্য দিয়েছে।

যেখানে প্রায় পাঁচ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এবং প্রায় ৭৯ হাজার টন অপরিশোধিত তেল বহনকারী ছয়টি জাহাজের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। ইরানকে দেয়া তথ্যের মধ্যে রয়েছে জ্বালানি লোডিংয়ের তারিখ, কার্গো ধারণক্ষমতা, উৎস ও লোডিং বন্দর, আইএমও শনাক্তকরণ নম্বর। এসব জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করবে। ইরান যুদ্ধকে ঘিরে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের কারণে এই সমুদ্রপথ এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে।

শীর্ষনিউজ