Image description

দেশে বর্তমানে প্রশাসক দিয়ে চলা পৌরসভা ও উপজেলা পরিষদগুলোতে খুব দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে নতুন করে আর প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের নেই।

 

বুধবার (২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে একটি নির্মাণাধীন সেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বর্তমানে যেসব স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেখানে খুব দ্রুত নির্বাচন আয়োজন করা হবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানের দায়িত্ব নেবেন।

 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শাহজাহানপুর ইউনিয়নের ওই সেতুর দুরবস্থা নিয়েও কথা বলেন। প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি শুধু সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে ছিল। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি দ্রুত পরিদর্শনের নির্দেশ দেন।

 

এই সমস্যা সমাধানের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুত প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী সংস্কারকাজ শুরু হবে।

 
 

 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন—স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী (প্রশাসন) মো. শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, জেলা প্রশাসক আবু সালেহ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস প্রমুখ।