Image description

হোয়াইট হাউসের নিকটবর্তী নিরাপত্তা ব্যারিকেড ভেঙে বুধবার ভোরে একটি গাড়ি ঢুকে পড়ার ঘটনায় ওয়াশিংটনের ডাউনটাউন এলাকায় নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে সাময়িকভাবে চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে ভোরের আগমুহূর্তে, হোয়াইট হাউসের ঠিক উত্তরে অবস্থিত লাফায়েত স্কয়ার এলাকায়। এতে গাড়ির চালককে আটক করা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি ‘সন্দেহজনক যানবাহন’ সংক্রান্ত ঘটনার তদন্ত করছে।

বিবৃতিতে বলা হয়, ‘গাড়ির চালককে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

 

বর্তমানে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঘটনার পর পুলিশ হোয়াইট হাউসের আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয়। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নগরকর্মীদের অফিসে পৌঁছাতে বিঘ্ন ঘটে এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক জরুরি সেবা সংস্থার যানবাহন মোতায়েন করা হয়েছে।