সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষে পোস্ট করায় এক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নাগরিককে গ্রেফতার করেছে বাহরাইন। আটক প্রবাসী বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর। বাকি ৫ জন পাকিস্তানি নাগরিক।
সোমবার (৯মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে খবরটি নিশ্চিত করেছে বাহরাইন নিউজ এজেন্সি।
বাহরাইনের জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীনে থাকা অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট তাদেরকে গ্রেফতার করে।
প্রতিবেদনে বলা হয়, ‘‘ইরানের আগ্রাসনের পরবর্তী পরিস্থিতির ভিডিও ধারণ, প্রকাশ বা পুনরায় শেয়ার করার অভিযোগে ছয়জন এশীয় নাগরিককে শনাক্ত করে গ্রেপ্তার করেছে। অভিযুক্তরা এসব ভিডিওতে ওই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে, যা দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো আচরণ হিসেবে বিবেচিত হয়েছে।’’
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘‘তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে।’’
উল্লেখ্য, গতকাল সামাজিক মাধ্যমে যুদ্ধ সংক্রান্ত পোস্ট করে গ্রেফতার হচ্ছেন মধ্যপ্রাচ্য প্রবাসীরা এ শিরোনামে প্রতিবেদন করে দ্য ডিসেন্ট। যেখানে মধ্যপ্রাচ্যের নানা দেশে যুদ্ধ সংক্রান্ত পোস্ট করে গ্রেফতার হওয়ার তথ্য দেওয়া হয়।