কাতারের রাজধানী দোহায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর আগেও শনিবার দুপুরে আরেক দফায় হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
তখন কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যা দৃশ্যত এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে।
তখন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, হামলায় কোনো ক্ষতি হয়নি।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কাতার ও বাহরাইনে বসবাসরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য হামলা ও অস্থিরতার শঙ্কায় দেশ দুটিতে অবস্থানরত নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে কাতার এবং বাহরাইনের মার্কিন দূতাবাসগুলো তাদের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এই দূতাবাস দুটি পৃথক বিবৃতিতে এসব কথা বলেছে।
এই দূতাবাসগুলো ঘোষণা করেছে যে, তারা তাদের সব কর্মীর জন্য একটি আশ্রয় পরিকল্পনা বাস্তবায়ন করছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব আমেরিকান নাগরিককেও একই কাজ করার পরামর্শ দেয়া হয়েছে।
এর আগে, আজ ইরানের কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের গণমাধ্যম জানায়, প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে হামলা হচ্ছে।