Image description

সীমান্তে তালেবান সেনাদের হামলার জবাবে কাবুলসহ তিনটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সেইসঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে ‘সরাসরি যুদ্ধ’ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।

এখন প্রশ্ন হলো এই ‘সরাসরি যুদ্ধ’ ঘোষণার অর্থ কী?

এ প্রসঙ্গে আফগানিস্তান বিষয়ক বিশেষজ্ঞ আমিন সইকাল বিবিসির নিউজডে প্রোগ্রামে বলেছেন, এটি একটি ‘অত্যন্ত গুরুতর অগ্রগতি’ এবং ইসলামাবাদ ইঙ্গিত দিচ্ছে যে তারা আফগান তালেবানদের ‘শাস্তি’ দিতে চায়। তাদের বিরুদ্ধে পাকিস্তানে সাম্প্রতিক হামলার নেপথ্যে থাকা সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর আরব অ্যান্ড ইসলামিক স্টাডিজের প্রতিষ্ঠাতা সইকাল বলেছেন, ‘দুই পক্ষই দীর্ঘদিন ধরে মুখোমুখি অবস্থান করছে। এখন পাকিস্তানিরা ঘাড়ের দিকে (তীব্র অবস্থানে আঘাত বোঝাতে) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা তালেবানদের পাকিস্তানি তালেবানদের সমর্থন করার জন্য সত্যিই শাস্তি দিতে চায়, যারা গত এক বা দুই বছরে পাকিস্তানি লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে এবং প্রচুর মানুষকে হত্যা করেছে।’

‘আধুনিক আফগানিস্তান’ শীর্ষক বইয়ের লেখক সইকাল বলেন, ‘এই উত্তেজনা বৃদ্ধি আফগান জনগণের জন্য বিপর্যয়কর হবে।

কারণ তারা নিজেরাই অর্থনৈতিক সমস্যার সঙ্গে যুদ্ধ করছেন।’

 

তুরস্কের সঙ্গে আলোচনায় পাকিস্তান
আফগানিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের পক্ষ থেকে এক্সে পোস্ট করে এ কথা জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসহাক দার ফোনালাপের সময় হাকান ফিদানকে জানিয়েছেন যে, পাকিস্তানি বাহিনী ‘বিনা উসকানিতে আফগান আগ্রাসনের’ জবাব দিয়েছে।

 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুই নেতা ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন এবং ক্রমবর্ধমান উন্নয়নের বিষয়ে সম্মত হয়েছেন।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেন।

যুদ্ধবিরতির আহ্বান চীন ও রাশিয়ার
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত বন্ধে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। সহিংসতা সীমান্ত ছাড়িয়ে বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশ দুটি।

বার্তা সংস্থা এএফপি জানায়, পাকিস্তান শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক বড় শহরে বোমা হামলা চালানোর পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত ব্রিফিংয়ে বলেন, পরিস্থিতির অবনতিতে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।

 

তিনি বলেন, ‘চীন সংঘাতের উত্তেজনা বৃদ্ধিতে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা উভয় পক্ষকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি নিশ্চিত করে আরও রক্তপাত এড়ানো উচিত।’

আইন মেনে চলার আহ্বান জাতিসংঘের
চলমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক আলাদা প্রতিক্রিয়া জানিয়েছেন।

বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, গুতেরেস উভয় দেশকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতাগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে তিনি আন্তর্জাতিক মানবিক আইনের ওপর গুরুত্বারোপ করেছেন।

অন্যদিকে, তুর্ক দুই দেশের মধ্যে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।