Image description
 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান রাজনৈতিক কোনো ‘চুক্তি’ বা আপসের মাধ্যমে কারামুক্তি চান না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দলটির নেতা ব্যারিস্টার উমাইর নিয়াজি। জিও নিউজের জনপ্রিয় টকশো ‘ক্যাপিটাল টক’-এ অংশ নিয়ে তিনি নওয়াজ শরিফের উদাহরণ টেনে বলেন যে, এ ধরনের পর্দার অন্তরালের আলোচনায় অনেক বড় ছাড় দিতে হয়।

 

নিয়াজির মতে, নওয়াজ শরিফকে মুক্তির জন্য সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানো এবং নির্বাসনে যাওয়ার মতো কঠিন শর্ত মেনে নিয়ে লিখিত চুক্তিতে সই করতে হয়েছিল। ইমরান খান ঠিক এই পথটি এড়াতে চান এবং কোনো ধরনের অসম সমঝোতায় যেতে রাজি নন। সঞ্চালক হামিদ মীরের এক প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেন যে, ইমরান খান নওয়াজের মতো পরিণতি চান না বলেই অনড় অবস্থানে রয়েছেন।

২০২৩ সাল থেকে পিটিআই ও ক্ষমতাসীন জোট সরকারের মধ্যে তীব্র রাজনৈতিক বিরোধ চলছে। সম্প্রতি স্পিকার আয়াজ সাদিকের মধ্যস্থতায় কয়েক দফা আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে যায়। বিচারিক কমিশন গঠনের দাবি পূরণ না হওয়ায় পিটিআই সংসদীয় কমিটি গঠনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, পিএমএল-এন নেতা রানা সানাউল্লাহ মনে করেন, দেশের শীর্ষ পাঁচ নেতার মধ্যে সরাসরি আস্থা ও যোগাযোগ ছাড়া এই অচলাবস্থা কাটানো সম্ভব নয়। রাজনৈতিক এই টানাপড়েনের মাঝেই কারাবন্দি ইমরান খানের চোখের সমস্যার খবর দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

জনকণ্ঠ