Image description

কিউবার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা মস্কো গ্রহণ করবে না বলে স্পষ্ট জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিলার সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

 

পুতিন বলেন, কিউবার ওপর নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সে বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান খোলাখুলি, পরিষ্কার এবং দ্ব্যর্থহীনভাবে জানানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা এ ধরনের কিছুই মেনে নেব না।’

দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে পুতিন জানান, রাশিয়া ও কিউবার সম্পর্ক সাধারণভাবে ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে। তিনি দুই দেশের সম্পর্ককে ‘বিশেষ’ আখ্যা দিয়ে বলেন, কিউবার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে রাশিয়া সবসময় তার পাশে থেকেছে।

পুতিন বলেন, স্বাধীনতার পর থেকে দীর্ঘ কয়েক দশক ধরে কিউবার জনগণ নিজেদের নিয়মে বাঁচার অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে—রাশিয়া সে বাস্তবতা সম্পর্কে অবগত।

 

 

এদিকে, যুক্তরাষ্ট্র সম্প্রতি কিউবার ওপর জ্বালানি নিষেধাজ্ঞা জোরদার করেছে। মেক্সিকো ও ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ হওয়ার পর দেশটিতে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি, কিউবায় জ্বালানি সরবরাহকারী দেশগুলোর পণ্যের ওপর শুল্ক আরোপের ইচ্ছার কথাও জানিয়েছে ওয়াশিংটন।

 

এই প্রেক্ষাপটে হাভানায় রুশ দূতাবাস জানিয়েছে, রাশিয়া শিগগিরই মানবিক সহায়তা হিসেবে কিউবায় তেল ও তেলজাত পণ্য পাঠানো শুরু করবে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে কিউবার প্রতি রাশিয়ার এই অবস্থান দুই দেশের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করবে এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।