Image description

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন অবৈধ বসতি স্থাপন এবং নিয়ন্ত্রণ জোরদারের লক্ষ্যে নেওয়া নতুন বিধিনিষেধের বিরোধিতা করেছে চীন। বৃহস্পতিবার গ্লোবাল টাইমসের বরাত দিয়ে এই খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, “গাজা ও পশ্চিম তীর ফিলিস্তিনি ভূখণ্ডের ‘অবিচ্ছেদ্য অংশ’ এবং ফিলিস্তিন প্রশ্নের সমাধানে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানই মৌলিক পথ।”

বেইজিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘চীন ধারাবাহিকভাবে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন বসতি নির্মাণ, ফিলিস্তিনি ভূখণ্ড দখল বা সংযুক্ত করার যেকোনো প্রচেষ্টা এবং দ্বি-রাষ্ট্র সমাধানের রাজনৈতিক ভিত্তি দুর্বল করার সব ধরনের পদক্ষেপের বিরোধিতা করে।

তিনি আরো বলেন, ‘গাজায় বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা উচিত, যা উত্তেজনা বাড়াতে পারে বা পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে।’

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গত রবিবার দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং তেল আবিবের নিয়ন্ত্রণ বাড়ানোর লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ অনুমোদনের পর চীনের এ মন্তব্য আসে।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের কাছে জমি বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া একটি আইন বাতিল করা, ভূমি মালিকানার নথি উন্মুক্ত করা এবং হেবরনের কাছে একটি বসতি ব্লকে নির্মাণ অনুমতির ক্ষমতা ফিলিস্তিনি পৌর কর্তৃপক্ষের কাছ থেকে ইসরায়েলের সিভিল প্রশাসনের হাতে ন্যস্ত করা।