সৌদি আরবে অমুসলিম বিদেশিদের জন্য নির্দিষ্ট শর্তসাপেক্ষে মদ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি দেশটির রাজধানী রিয়াদে একটি লাইসেন্সপ্রাপ্ত দোকানে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করা হয়েছে। তবে এই সুবিধা সাধারণ সবার জন্য নয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র অমুসলিম এবং যাদের মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার রিয়াল বা তার বেশি—এমন বিদেশিরাই এই দোকান থেকে মদ কিনতে পারবেন। ক্রেতাদের অবশ্যই পরিচয় যাচাইসহ নির্দিষ্ট নিয়ম মানতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিয়াদের বিশেষ এলাকায় স্থাপিত দোকানটিতে কেবল নির্ধারিত গ্রাহকরাই প্রবেশের সুযোগ পাবেন। কঠোর নজরদারি ও নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি কার্যক্রম পরিচালিত হবে। স্থানীয় নাগরিক বা মুসলিমদের জন্য এই সুবিধা প্রযোজ্য নয়।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে পর্যটন, বিনিয়োগ ও বিদেশি কর্মীদের আকৃষ্ট করতে সামাজিক কাঠামোয় ধীরে ধীরে পরিবর্তন আনা হচ্ছে। এর আগে নারী চালকদের অনুমতি, বিনোদন কার্যক্রম সম্প্রসারণ ও পর্যটন ভিসা চালুর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, ইসলামী আইন ও সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ন রেখেই এসব সংস্কার কার্যকর করা হবে। মদের ব্যবহার ও বিক্রি পুরোপুরি নিয়ন্ত্রিত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।