Image description

বিএনপি নেতা মো. রাশেদ খান বলেছেন, গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন বয়কট করার মধ্য দিয়ে সংসদ ও রাষ্ট্রকে অকার্যকরের পথে হাঁটল জামায়াতে ইসলামী ও এনসিপি। তাদের এই হঠকারিতার জন্য বাংলাদেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসবে।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

 

ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘বর্তমান রাষ্ট্রপতিকে দিয়ে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ জারি করার প্রস্তাব ছিল জামায়াতে ইসলামীর। তার হাতে শপথ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা। এমনকি জামায়াত ও এনসিপির চাপে তাকে দিয়ে বেশকিছু অধ্যাদেশও জারি করিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।’

 

রাষ্ট্রপতির বৈধতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামরাই দিয়ে গেছেন উল্লেখ করে রাশেদ খান বলেন, ‘২০২৪ সালের ৮ আগস্ট সংবিধান মেনে বর্তমান রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মাধ্যমে তার বৈধতা দান করে গেছেন নাহিদ ইসলামরা। তাদের এই ভুলের খেসারত বিএনপিকে দিয়ে দেওয়ানোর চাপ থাকতেই পারে। কিন্তু সেটা পরিমিতভাবে।’

 

জামায়াতে ইসলামী ও এনসিপির হঠকারিতার কারণে দেশে আওয়ামী লীগ ফিরে আসবে জানিয়ে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে গঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন বয়কট করার মধ্য দিয়ে সংসদ ও রাষ্ট্রকে অকার্যকরের পথে হাঁটল জামায়াতে ইসলামী ও এনসিপি। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থানে (যদিও ভোটের সময় নরম অবস্থানে ছিল), কিন্তু তাদের এই হঠকারিতার জন্যই বাংলাদেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসবে।’