Image description
তুরস্কের ইস্তাম্বুলে বিখ্যাত মসজিদ হায়া সোফিয়ার (Hagia Sophia) নিচে একাধিক সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ স্থাপনার সন্ধান মিলেছে। এর কয়েকটির দৈর্ঘ্য কয়েক শ মিটার। আরও সুড়ঙ্গ ও স্থাপনার সন্ধান পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
 
ইউনেসকোর (UNESCO) বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত বিশ্বের অন্যতম জনপ্রিয় এই স্থাপনায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার। ষষ্ঠ শতাব্দীর এই বিশাল ও দৃষ্টিনন্দন স্থাপনাটি একটি রোমান মন্দিরের ওপর গির্জা হিসেবে নির্মাণ করা হয়েছিল। পরবর্তী সময়ে এটিকে মসজিদ এবং এরপর জাদুঘরে রূপান্তর করা হয়। ২০২০ সাল থেকে এটি আবার মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
 
মন্দির ও আগের দুটি গির্জার পর একই স্থানে নির্মিত চতুর্থ উপাসনালয় বর্তমান স্থাপনাটি ৫৩৭ খ্রিষ্টাব্দে নির্মাণ করা হয়। তবে বর্তমানে উন্মোচিত ভূগর্ভস্থ স্থাপনার কিছু অংশ এরও আগের বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
 
গত বছর হায়া সোফিয়ায় তিন বছর মেয়াদি একটি সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের আওতায় স্থাপনাটির কেন্দ্রীয় গম্বুজ সংস্কার করা হবে এবং এর ইতোমধ্যে উল্লেখযোগ্য ভূমিকম্প সহনক্ষমতা আরও বাড়ানো হবে। পূর্ব রোমান বা বাইজেন্টাইন (Byzantine) এবং অটোমান (Ottoman) সাম্রাজ্যের পতনের পরও স্থাপনাটি টিকে রয়েছে। প্রায় ১৫০০ বছরের ইতিহাসে এখানে এটিই সবচেয়ে ব্যাপক সংস্কারকাজ।
 
 
 
হায়া সোফিয়ার নিচে গোপন সুড়ঙ্গ থাকার গুঞ্জন শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। ১৯৪০-এর দশকে চার কক্ষবিশিষ্ট একটি রোমান হাইপোজিয়াম (Hypogeum) বা সমাধিস্থাপনাসহ বেশ কিছু ভূগর্ভস্থ অবকাঠামোর সন্ধান পাওয়া যায়।
 
২০২৫ সালের শুরুর দিকে হায়া সোফিয়ার একসময়ের অ্যাট্রিয়াম বা অভ্যন্তরীণ প্রাঙ্গণের নিচে থাকা খিলানযুক্ত ভূগর্ভস্থ কক্ষগুলো পরিষ্কার করার সময় আগে অজানা কিছু ভূগর্ভস্থ স্থাপনার সন্ধান পাওয়া যায়।
 
এখন পর্যন্ত প্রায় ৩ হাজার টন ধ্বংসাবশেষ সরানো হয়েছে
এর পর থেকে এসব স্থান পরিষ্কার, নথিভুক্ত ও সংরক্ষণের কাজ চলছে। এর মধ্যে রয়েছে সুড়ঙ্গ, পানির প্রবাহপথ, খিলানযুক্ত কক্ষ, একটি সমাধিস্থাপনা এবং একটি চলাচলের পথ। ধারণা করা হচ্ছে, পথটি পঞ্চম শতাব্দীর একটি রোমান সড়কের সঙ্গে যুক্ত।
 
ভূমিভিত্তিক লেজার স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে পরিষ্কার করার প্রতিটি ধাপ নথিভুক্ত করা হয়েছে।
 
 
 
হায়া সোফিয়া বৈজ্ঞানিক কমিটির সদস্য হাসান ফিরাত দিকার (Hasan Fırat Diker) ২০২৬ সালের মার্চে প্রকাশিত এক গবেষণায় লিখেছেন, কাজ আরও এগিয়ে গেলে ‘বিশ্ব ঐতিহ্যের এই অনন্য স্থাপনার পুরো অবকাঠামোগত ব্যবস্থা উন্মোচিত হবে।’
হায়া সোফিয়ার নিচে একাধিক সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ স্থাপনার সন্ধান মিলেছে। ছবি: সংগৃহীত

 

এখন পর্যন্ত ভূগর্ভস্থ অবকাঠামো থেকে প্রায় ৩ হাজার টন ধ্বংসাবশেষ সরানো হয়েছে। ইতোমধ্যে ৪২০ মিটার (প্রায় এক মাইলের চার ভাগের এক ভাগ) সুড়ঙ্গ পরিষ্কার করা হয়েছে। এসব সুড়ঙ্গ আরও কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকতে পারে।
 
 
 
তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয় (Mehmet Nuri Ersoy) স্থাপনাটি পরিদর্শন করেন এবং ২০ নভেম্বর এক ঘোষণায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।
 
অনূদিত এক বিবৃতিতে এরসয় বলেন, ‘ইতিহাসজুড়ে এই ভূগর্ভস্থ নেটওয়ার্ক পানি সরবরাহ ও বৃষ্টির পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের কাজের মাধ্যমে হায়া সোফিয়ার ভূগর্ভস্থ স্থাপনাগুলো উন্মোচনের পাশাপাশি ইস্তাম্বুলের ঐতিহাসিক পানি ব্যবস্থাপনা অবকাঠামো সম্পর্কেও আমাদের জ্ঞান বাড়ছে।’
 
ইতিহাসের নানা স্তর
এখন পর্যন্ত ছয়টি কক্ষের সন্ধান পাওয়া গেছে, যেগুলো নয়টি সুড়ঙ্গের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত। সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গটির প্রায় ৬০০ ফুট (১৮০ মিটার) পরিষ্কার করা হয়েছে।
 
এরসয় বলেন, ‘আমাদের ধারণা, এই পথটি একটি রোমান সড়কের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এটি হায়া সোফিয়ার প্রবেশমুখের সামনের অংশের সমান্তরালে চলে গেছে। ফাতিহ মাদ্রাসার (Fatih Madrasa) সামনে থেকে শুরু হয়ে এটি দর্শনার্থীদের প্রবেশপথ পর্যন্ত বিস্তৃত।’
 
 
 
রোমান হাইপোজিয়াম বা সমাধিস্থাপনাটি হায়া সোফিয়ার উজিরের বাগান (Vizier’s Garden) নামে পরিচিত অংশের নিচে অবস্থিত। সেখানে পরিষ্কার করার সময় গবেষক দল কাদায় ঢাকা মেঝের পাঁচ ফুট নিচ পর্যন্ত পৌঁছায়।
 
এরসয় বলেন, ‘আমাদের ধারণা, এই অংশটি বর্তমান হায়া সোফিয়া স্থাপনা নির্মাণের আগের সময়ের। এভাবে আমরা স্থাপনাটির নিচে বিভিন্ন সময়ের নির্মাণের স্তরগুলোও উন্মোচন করছি।’
 
এরসয় জানান, সংরক্ষণ ও নথিভুক্ত করার পাশাপাশি উপযুক্ত অংশগুলো জনসাধারণের জন্য খুলে দিয়ে ‘হায়া সোফিয়ার ভূগর্ভস্থ ঐতিহাসিক সম্পদ দৃশ্যমান করা’ এই প্রকল্পের লক্ষ্য। তবে কবে নাগাদ তা করা হবে, সে বিষয়ে কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি।
 
ইতিহাসবিদ ও পর্যটক গাইড হাসান বারিশ পারতাল (Hasan Barış Partal) বলেন, ‘এটি হবে সাম্প্রতিক বছরগুলোতে ইস্তাম্বুলের সাংস্কৃতিক পর্যটনের অন্যতম উল্লেখযোগ্য অগ্রগতি।’
 
তিনি বলেন, ‘এই দৃষ্টিনন্দন স্থাপনার নিচে লুকিয়ে রয়েছে সাম্রাজ্যকালীন কনস্টান্টিনোপলের (Imperial Constantinople) আরেকটি চমকপ্রদ ইতিহাস এবং শহরটির বিস্তৃত সুপেয় পানি সরবরাহব্যবস্থার গল্প।’ সে সময় ইস্তাম্বুল কনস্টান্টিনোপল নামে পরিচিত ছিল।
 
 
 
তার মতে, এসব ভূগর্ভস্থ পানির প্রবাহপথ প্রাচীন শহরটির বিশাল জলবাহী নালাগুলোর সঙ্গে যুক্ত থাকতে পারে। এগুলো কনস্টান্টিনোপলের অসাধারণ প্রকৌশল দক্ষতার চমকপ্রদ প্রমাণও তুলে ধরতে পারে।
 
পারতাল বলেন, ‘আমার বিশ্বাস, এসব ভূগর্ভস্থ স্থানের মধ্য দিয়ে হাঁটলে সেন্ট পিটার্স ব্যাসিলিকার (St. Peter’s Basilica) নিচে থাকা ভ্যাটিকান গ্রোটোজে (Vatican Grottoes) নামার মতো অনুভূতি হতে পারে, যেখানে অনেক পোপকে সমাহিত করা হয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘যদিও ঐতিহাসিকভাবে এগুলোর কার্যকারিতা সম্পূর্ণ ভিন্ন, তবে উভয় স্থানই একটি বিখ্যাত স্থাপনার নিচে আরেকটি জগৎ আবিষ্কারের অসাধারণ অভিজ্ঞতা দেয়।’
 
বর্তমান হায়া সোফিয়া সম্রাট প্রথম জাস্টিনিয়ানের (Emperor Justinian I) নির্দেশে নির্মাণ করা হয়েছিল। সে সময় কনস্টান্টিনোপল ছিল পূর্ব রোমান সাম্রাজ্যের কেন্দ্র। এর আগে একই স্থানে দুটি গির্জা ছিল, যেগুলো একটি পৌত্তলিক মন্দিরের ওপর নির্মাণ করা হয়েছিল।
 
৫৩২ খ্রিষ্টাব্দ থেকে শুরু হওয়া পাঁচ বছরব্যাপী নির্মাণকাজের সময় জাস্টিনিয়ান তার প্রাদেশিক গভর্নরদের নির্দেশ দিয়েছিলেন, নিজ নিজ অঞ্চলের প্রাচীন ধ্বংসাবশেষ থেকে সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শনগুলো বেছে হায়া সোফিয়ায় ব্যবহারের জন্য কনস্টান্টিনোপলে পাঠাতে।
 
 
 
বলা হয়, স্থাপনাটি নির্মাণে প্রায় সাড়ে ৭ কোটি ডলার ব্যয় হয়েছিল, যা বর্তমান সময়ের ১৩০ কোটি ডলারের সমান।