প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার নথি প্রকাশ নিয়ে প্রশ্ন উঠলেই আইনি জটিলতা। অথচ এক নাগরিকের ব্যক্তিগত তথ্য কী ভাবে প্রকাশ্যে চলে আসছে, তা নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার। সৌরভ দাসের পাসপোর্ট বিতর্কে এ বার এই বৈপরীত্য তুলে ধরেই কেন্দ্রকে বিঁধলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। তার কটাক্ষ, ‘‘প্রধানমন্ত্রীর ডিগ্রির খোঁজ মেলে না, অথচ নাগরিকের তথ্য ফাঁস!’’
সৌরভের পাসপোর্টে জন্মস্থান সংক্রান্ত তথ্যের অসঙ্গতির অভিযোগ ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতর তাকে শো-কজ় নোটিস পাঠিয়ে প্রয়োজনীয় নথি-সহ ব্যাখ্যা চেয়েছে। অভিযোগ, জন্মস্থান সম্পর্কে ভুল তথ্য দিয়ে এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে পাসপোর্ট নেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে পাসপোর্ট স্থগিত বা বাজেয়াপ্ত করার পদক্ষেপ করা হতে পারে বলেও জানানো হয়েছে।
এর মধ্যেই সৌরভের বিদেশযাত্রা ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। দিল্লি বিমানবন্দরে তাকে লন্ডনগামী বিমানে উঠতে বাধা দেওয়ার ঘটনায় আদালতের দ্বারস্থ হন তিনি। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে শুনানির সময়ে কেন্দ্রের তরফে জানানো হয়, সৌরভের বিরুদ্ধে মুম্বাই পুলিশের লুক আউট সার্কুলার (এলওসি) রয়েছে। সৌরভের হয়ে সওয়াল করতে গিয়ে সিব্বল প্রশ্ন তোলেন, পাসপোর্ট বাতিল বা স্থগিত না হলে বিদেশযাত্রায় বাধা দেওয়া যায় কি না।
এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং রাষ্ট্রের জবাবদিহির প্রশ্ন তুলেছেন দিপকে। এক্স হ্যান্ডেলে তার পোস্টে র মূল সুর, এক দিকে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন রয়েছে, অন্য দিকে সাধারণ নাগরিকের পরিচয় ও ব্যক্তিগত নথি নিয়ে প্রশাসনিক পদক্ষেপের তথ্য প্রকাশ্যে আসছে। রাষ্ট্রের কাছে থাকা তথ্যের স্বচ্ছতা এবং নাগরিকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা,দুই ক্ষেত্রেই একই মাপকাঠি থাকা উচিত।
তবে সৌরভের পাসপোর্ট সংক্রান্ত অভিযোগের সত্যতা এখনও বিচারাধীন। কেন্দ্রের বক্তব্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রিপোর্টের ভিত্তিতেই আইন মেনে পদক্ষেপ করা হয়েছে। ফলে এই বিতর্কে এখন নজর আদালতের পরবর্তী শুনানির দিকে।