জরুরি পরিস্থিতির জন্য পরিবারগুলোকে তিন দিনের খাবার ও পানি ঘরে রাখার পরামর্শ দেওয়ার প্রায় এক মাস পর সামরিক প্রস্তুতি জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে ব্রিটেন। যুদ্ধ বা বড় ধরনের সংকটে প্রয়োজনে আবার দায়িত্বে ডাকা হতে পারে, এমন এক লাখেরও বেশি রিজার্ভ সেনাসদস্যকে চিঠি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। চিঠিতে তাদের যোগাযোগের তথ্য, বর্তমান পেশা ও দক্ষতার বিবরণ হালনাগাদ করতে বলা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছায় প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
গত ২২ অক্টোবর সরকারের ‘বি রেডি’ কর্মসূচির আওতায় পরিবারগুলোকে তিন দিনের বোতলজাত পানি ও সহজে নষ্ট হয় না এমন খাবার ঘরে রাখার পরামর্শ দেওয়া হয়। বন্যা, দুর্যোগপূর্ণ আবহাওয়া, সাইবার হামলা বা জরুরি সেবা ব্যাহত হলে সহায়তা পৌঁছানো পর্যন্ত পরিবারগুলো যেন নিজেদের প্রয়োজন মেটাতে পারে, সে লক্ষ্যেই এ পরামর্শ।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো জানিয়েছে, সেনা, নৌ ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে। স্নায়ুযুদ্ধের পর এত বড় পরিসরে এ ধরনের যোগাযোগ এই প্রথম বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং স্কাই নিউজকে বলেছেন, যুক্তরাজ্য ও তার মিত্রদের সামনে থাকা হুমকি বিবেচনায় এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ। চিঠিতে কবে সামরিক দায়িত্বে যোগ দিতে হবে, এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি।
চিঠির প্রাপকরা ব্রিটেনের ‘স্ট্র্যাটেজিক রিজার্ভ’ বা কৌশলগত রিজার্ভের সদস্য। তারা নিয়মিত সশস্ত্র বাহিনীতে কাজ করার পর বেসামরিক জীবনে ফিরেছেন। তবে নির্দিষ্ট শর্তে তাদের আবার সামরিক দায়িত্বে ডাকা যায়। বড় ধরনের সংকটে অতিরিক্ত জনবল বা বিশেষ দক্ষতার প্রয়োজন হলে সরকার তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। গত বছরের কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনায়ও এই সাবেক সদস্যদের সঙ্গে আবার যোগাযোগের সুপারিশ করা হয়েছিল।
সেনাবাহিনীর একটি সূত্র দ্য টেলিগ্রাফকে জানিয়েছে, কেউ সামরিক বাহিনীতে ট্যাংকচালক হিসেবে কাজ করলেও পরে বেসামরিক পেশায় এমন দক্ষতা অর্জন করে থাকতে পারেন, যা এখন প্রতিরক্ষার কাজে আরও বেশি প্রয়োজন। এ কারণেই তাদের পুরনো সামরিক অভিজ্ঞতার পাশাপাশি বর্তমান পেশা ও দক্ষতার তথ্য চাওয়া হয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য, এ উদ্যোগের লক্ষ্য সামরিক প্রস্তুতি বাড়ানো এবং সম্ভাব্য প্রতিপক্ষকে হামলা থেকে নিবৃত্ত রাখা।
এদিকে, একই দিনে রয়্যাল নেভির পারমাণবিক সাবমেরিনের রক্ষণাবেক্ষণ ও নৌঘাঁটির সেবা আধুনিকায়নে প্রায় ৮০০ কোটি পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ প্রতিষ্ঠান ব্যাবকককে দেওয়া পাঁচ বছরের চুক্তির লক্ষ্য, রক্ষণাবেক্ষণের সময় কমিয়ে সাবমেরিনগুলোকে দ্রুত সমুদ্রে ফেরানো। সরকারের হিসাবে, এতে প্রায় তিন হাজার নতুন চাকরি তৈরি হবে। শিক্ষানবিশ ও স্নাতকদের জন্যও প্রায় আড়াই হাজার প্রশিক্ষণ ও কর্মজীবন শুরুর সুযোগ তৈরি হবে।
সূত্র: মেট্রো, দ্য টেলিগ্রাফ, স্কাই নিউজ, যুক্তরাজ্যের পার্লামেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রণালয়