Image description

ফিলিস্তিনিদের ওপর নজরদারি, তাদের গতিবিধি পর্যবেক্ষণ এবং সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ক্রমেই গভীর হচ্ছে। ফিলিস্তিনিদের লাখ লাখ ছবি আপলোড করতে ইসরাইলি সামরিক বাহিনীর অ্যামাজনের ক্লাউড অবকাঠামো ব্যবহারের বিষয়টি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকদের মতে, ইসরাইলের সামরিক নজরদারি ও হামলা পরিচালনায় গুগল, অ্যামাজন, মাইক্রোসফট ও প্যালান্টিরের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

২০২৪ সালের জানুয়ারিতে প্যালান্টির ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ‘যুদ্ধসংক্রান্ত কার্যক্রমে’ কৌশলগত অংশীদারত্ব করে। অন্যদিকে, মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম অ্যাজুরে ফিলিস্তিনিদের বিপুলসংখ্যক ফোনালাপের রেকর্ড সংরক্ষণের অভিযোগ উঠেছে। এসব তথ্য সামরিক হামলার লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত হয়েছে বলে বিভিন্ন সূত্রের দাবি।

গুগল ও অ্যামাজন ইসরাইলের ১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’-এর আওতায় দেশটির সামরিক বাহিনীকে ক্লাউড, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মুখ শনাক্তকরণ প্রযুক্তি সরবরাহ করছে। এছাড়া মাইক্রোসফটের অ্যাজুর প্ল্যাটফর্মের মাধ্যমে ইসরাইলি সামরিক বাহিনী ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেল ব্যবহারের সুযোগ পেয়েছে বলেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেস্কা আলবানিজ ২০২৫ সালের জুলাইয়ে এক প্রতিবেদনে প্যালান্টিরের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীকে পূর্বাভাসভিত্তিক নজরদারি ও এআই প্রযুক্তি সরবরাহের অভিযোগ তোলেন। তবে যুদ্ধাপরাধে সহায়তার অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি খাতে ইসরাইলি গোয়েন্দাদের প্রভাব

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে ইসরাইলের সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর সাবেক ও বর্তমান সদস্যদের কর্মসংস্থান নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

ড্রপ সাইট নিউজের ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সামরিক গোয়েন্দা বাহিনীর প্রায় এক হাজার ৪০০ সদস্য বিভিন্ন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করছেন। তাদের মধ্যে প্রায় ৯০০ জন ইউনিট ৮২০০-এর সাবেক বা বর্তমান সদস্য। মাইক্রোসফট, এনভিডিয়া, মেটা, গুগল, ইন্টেল ও অ্যাপলে তাদের অনেকে কর্মরত।

বিশ্লেষকদের আশঙ্কা, এসব নিয়োগের মাধ্যমে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভেতরে ইসরাইলি সামরিক গোয়েন্দা নেটওয়ার্কের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হচ্ছে।

নজরদারির বিস্তৃত জাল

ফিলিস্তিনি ডিজিটাল অধিকার সংগঠন ৭আমলেহর প্রতিনিধি জালাল আবুখাতের বলেন, পূর্ব জেরুজালেম ও হেবরনসহ বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের নিয়মিত ছবি তোলা হচ্ছে। চেকপোস্ট, সড়কের ক্যামেরা ও অন্যান্য নজরদারি ব্যবস্থার মাধ্যমে সংগৃহীত তথ্য বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থায় যুক্ত হচ্ছে।

তার ভাষায়, ফিলিস্তিনিদের জীবনের প্রতিটি গতিবিধি নজরদারির আওতায় আসছে। ফোন ট্র্যাকিং ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা সংস্থাগুলো মানুষের চলাচল, অবস্থান এবং কোথায় কতক্ষণ কাটিয়েছেন, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

মাইক্রোসফট জানিয়েছে, তাদের প্রযুক্তি ব্যবহার করে বেসামরিক নাগরিকদের ওপর গণনজরদারির অভিযোগ তদন্ত করা হয়েছে এবং প্রযুক্তির ব্যবহার ও তদারকিতে নিয়ন্ত্রণ জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

অ্যামাজন বলেছে, গ্রাহকদের তথ্যের গোপনীয়তা রক্ষা তাদের নীতি এবং গ্রাহকদের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে তাদের সরাসরি দৃশ্যমানতা নেই। ওপেনএআই জানিয়েছে, ইসরাইলের সামরিক বা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের সরাসরি কোনো চুক্তি নেই।

তবে প্যালান্টির, গুগল, এনভিডিয়া ও ইসরাইলি সামরিক বাহিনী এ বিষয়ে আলজাজিরার মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ক্লাউড, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নজরদারি প্রযুক্তি ইসরাইলের সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। এর ফলে ফিলিস্তিনিদের ওপর নজরদারির পরিসর যেমন বাড়ছে, তেমনি যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনে বৈশ্বিক প্রযুক্তি খাতের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।