পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক নেতা জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করা হয়েছে কি না, তা নিয়ে লাহোর পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, তাকে বেআইনিভাবে আটকে রাখা হয়ে থাকলে তা অত্যন্ত গুরুতর বিষয়।
বুধবার বিচারপতি আলী জিয়া বাজওয়া স্থানীয় আইনজীবী আবরার হুসাইনের করা এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, মাওলানা ফজলুর রহমানের জীবন ও ব্যক্তিস্বাধীনতা হুমকির মুখে রয়েছে। তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার এবং স্বাভাবিক চলাচলের সুযোগ দিতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়।
এর আগে লাহোরে মাওলানা ফজলুর রহমানের অবস্থান করা বাসভবনে যাওয়ার পথ কনটেইনার দিয়ে বন্ধ করে দেয় পুলিশ। এতে তিনি বাসার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। মঙ্গলবার লাহোর হাইকোর্ট বার সমিতির আয়োজনে একটি সর্বদলীয় সম্মেলনে (এপিসি) তার বক্তব্য দেওয়ার কথা ছিল।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মাওলানা ফজলুর রহমান লাহোরের চৌং এলাকায় একটি বেসরকারি আবাসন প্রকল্পে সিন্ধু প্রদেশের এক বন্ধুর বাসায় অবস্থান করছিলেন। সেখানে যাওয়ার পথে কনটেইনার বসিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। তবে পরে তার বাসভবনে যাওয়ার পথ থেকে কনটেইনার সরিয়ে নেওয়া হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মাওলানা ফজলুর রহমান দাবি করেন, তিনি রাষ্ট্রীয় অবরোধের মধ্যে রয়েছেন। পুরো লাহোর শহরেই রাষ্ট্রীয়ভাবে চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভিডিও বার্তায় তিনি বলেন, লাহোর বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সর্বদলীয় সেমিনারে বিভিন্ন রাজনৈতিক নেতার পাশাপাশি তাকেও বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু রাষ্ট্রীয় বাধার কারণে তিনি সেখানে যেতে পারছেন না। শহরের বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। একজন নাগরিককে বুদ্ধিজীবীদের সমাবেশে যেতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এই পরিস্থিতিতে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধারের আবেদন করেন আইনজীবী আবরার হুসাইন। আবেদনে বলা হয়, সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও পুলিশ তার বাসা ঘেরাও করে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। এতে তার জীবন ও ব্যক্তিস্বাধীনতা ঝুঁকির মুখে পড়েছে।
সরকার ও সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক বিরোধ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার এবং রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে মাওলানা ফজলুর রহমানের কঠোর সমালোচনার মধ্যেই তার পরিবার ও ঘনিষ্ঠ নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সংস্থাগুলোর তৎপরতা বেড়েছে। জমিয়তের অভিযোগ, দুর্নীতির তদন্ত, তলব, প্রশাসনিক নোটিশ এবং সরকারি মন্ত্রীদের প্রকাশ্য সমালোচনার মাধ্যমে দলটির নেতাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনে চাপ দেওয়া হচ্ছে।
গত ৮ নভেম্বর মাওলানা ফজলুর রহমানের ছেলে ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মাওলানা আসাদ মাহমুদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়েরের সুপারিশ করে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। পাকিস্তান পোস্টে অবৈধ নিয়োগের অভিযোগে তলব করা হলেও হাজির না হওয়ায় তাকে ইচ্ছাকৃতভাবে তদন্ত এড়িয়ে চলা ব্যক্তি হিসেবে চিহ্নিত করে সংস্থাটি। একই সঙ্গে তার নাম বিদেশযাত্রা নিয়ন্ত্রণের তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।
এর আগে গত ১০ নভেম্বর জাতীয় জবাবদিহি ব্যুরো (ন্যাব) আসাদ মাহমুদকে তদন্ত দলের সামনে হাজির হওয়ার নির্দেশ দেয়। ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তান পোস্টে নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগে এ তদন্ত চলছে। ওই সময় শাহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন আসাদ মাহমুদ।
উল্লেখ্য, ২০২২ সালে ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহবাজ শরীফের নেতৃত্বে জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাওলানা ফজলুর রহমান। তার দলও ওই সরকারের অংশ ছিল।
তবে ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক অবস্থান বদলায় জমিয়ত। নির্বাচনে কারচুপি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হস্তক্ষেপের অভিযোগ তুলে নতুন সরকারে যোগ দেওয়া থেকে বিরত থাকে দলটি। এরপর থেকেই সরকারের বিভিন্ন নীতি এবং রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর প্রভাব নিয়ে ধারাবাহিক সমালোচনা করে আসছেন মাওলানা ফজলুর রহমান।
তথ্যসূত্র: জিও নিউজ ও এক্সপ্রেস নিউজ উর্দু।