মার্কিন নিষেধাজ্ঞা, নৌ অবরোধ ও যুদ্ধে জ্বালানি অবকাঠামোর ক্ষতির কারণে ভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি। দেশটিতে গ্যাসের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে রোববার (২২ নভেম্বর) থেকে প্রতিদিন প্রায় দুই ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সামনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ অবস্থায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে নিজের কার্যালয়ে কম আলোয় কাজ করতে দেখা যায়। শীত থেকে বাঁচতে গায়ে ছিল নীল জ্যাকেট। কার্যালয়ের ঝাড়বাতি বন্ধ রেখে দিনের আলো ব্যবহার করা হচ্ছিল।
বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের একটি অংশ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া তেলের মজুতের দিক থেকে দেশটির অবস্থান তৃতীয়। এত সম্পদ থাকার পরও জ্বালানি সংকট থেকে রেহাই পাচ্ছে না দেশটি।
গ্যাস ও বিদ্যুতের সংকট বাড়ছে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি রাজধানী তেহরানসহ বিভিন্ন পারমাণবিক স্থাপনায় যৌথ হামলা চালায়। এরপর দেশটির জ্বালানি, সামরিক ও বেসামরিক অবকাঠামোও হামলার শিকার হয়। তবে যুদ্ধ শুরুর আগেই ইরানে গ্যাসের ঘাটতি ও বিদ্যুৎ বিভ্রাট ছিল।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, এবারের শীতে দেশটিতে প্রতিদিন গ্যাসের ঘাটতি ৪৩০ মিলিয়ন ঘনমিটারে পৌঁছাতে পারে। আগের বছরগুলোতে এই ঘাটতি ছিল প্রায় ৩০০ মিলিয়ন ঘনমিটার।
ন্যাশনাল ইরানিয়ান গ্যাস কোম্পানির প্রধান সাঈদ তাভাকোলি জানান, বছরের শুরুতে সংঘাতের প্রথম পর্যায়ে চারটি গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এতে দৈনিক গ্যাস উৎপাদন সক্ষমতা ২৩০ মিলিয়ন ঘনমিটার কমে যায়। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ১০০ মিলিয়ন ঘনমিটার সক্ষমতা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
কোম্পানিটির আশঙ্কা, চলতি শীতে ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ১১টিতে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে মাজানদারান, গোলেস্তান ও উত্তর খোরাসান প্রদেশে সংকট বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান তাভানির প্রধান মোহাম্মদ আল্লাহদাদ জানিয়েছেন, জ্বালানি সরবরাহের বর্তমান পরিস্থিতিতে রোববার থেকে বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করতে হবে।
বিদ্যুৎ উৎপাদনেও বড় ধাক্কা
ইরানে কয়েকশ বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্র থেকে প্রায় ৯ কোটি ২০ লাখ মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করা হয়। কিন্তু যুদ্ধের কারণে উৎপাদন সক্ষমতা কমে যাওয়ায় সংকট আরও বেড়েছে।
আল-জাজিরার বিশ্লেষণ অনুযায়ী, ইরানের মোট বিদ্যুতের প্রায় ৮৬ শতাংশ প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত হয়। তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আসে ৭ শতাংশ, জলবিদ্যুৎ থেকে ৫ শতাংশ এবং পারমাণবিক বিদ্যুৎ থেকে প্রায় ২ শতাংশ।
গত আগস্টে দেশটির জ্বালানিমন্ত্রী আব্বাস আলিয়াবাদি জানিয়েছিলেন, যুদ্ধের হামলায় বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ৪ হাজার ২০০ মেগাওয়াট কমে গেছে। ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো মেরামতের কাজ চলছে। তবে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানির ঘাটতিও পরিস্থিতিকে জটিল করে তুলছে।
জার্মানির ফিলিপস ইউনিভার্সিটি অব মারবুর্গের অর্থনীতিবিদ মোহাম্মদ রেজা ফারজানেগান বলেন, যুদ্ধ শুরুর আগেও ইরানে জ্বালানির চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা ছিল।
তিনি জানান, জ্বালানিতে ভর্তুকির কারণে অতিরিক্ত ব্যবহার, অপচয়, অব্যবস্থাপনা এবং উৎপাদন খাতে অদক্ষতা সংকট বাড়িয়েছে। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় বিনিয়োগ না আসায় উৎপাদন সক্ষমতা বাড়ানো সম্ভব হয়নি।
বিদ্যুৎ সংকটের কারণে শিল্প উৎপাদন কমে যাওয়ায় প্রায় ছয় লাখ মানুষ চাকরি হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির রাজনীতিকেরা। পার্লামেন্ট সদস্য নাসরুল্লাহ পেজমানফার সতর্ক করে বলেছেন, গ্যাসের সংকট অব্যাহত থাকলে চাকরি হারানো শ্রমিকের সংখ্যা ১০ লাখ ছাড়াতে পারে।
নিষেধাজ্ঞায় বিপর্যস্ত অর্থনীতি
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর মাধ্যমে ইরানের অর্থনীতিকে আরও চাপে ফেলার চেষ্টা করছে। ইরানের সঙ্গে ব্যবসা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে ওয়াশিংটন। এর লক্ষ্য, অর্থনৈতিক চাপ বাড়িয়ে ইরানকে ছাড় দিতে বাধ্য করা।
ইরানের সাধারণ মানুষের জীবনেও এর প্রভাব পড়ছে। দেশটিতে মূল্যস্ফীতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি ছিল ৭৬ দশমিক ৮ শতাংশ। একই সময়ে গত বছরের তুলনায় মূল্যস্ফীতির হার ছিল ৮৮ দশমিক ৭ শতাংশ।
অক্টোবরে খাদ্যপণ্য, পানীয় ও তামাকের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ১১৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
অর্থনীতিবিদ ফারজানেগানের পূর্বাভাস, ২০২৬ সালে ইরানের প্রকৃত জিডিপি প্রায় ৭ শতাংশ সংকুচিত হতে পারে। তাঁর মতে, ইরান-ইরাক যুদ্ধ শেষ হওয়ার পর দেশটির অর্থনীতিতে এটিই হতে পারে সবচেয়ে বড় সংকোচন।
তিনি বলেন, কঠোর নিষেধাজ্ঞা, সরাসরি বাণিজ্য অবরোধ, যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং ব্যবসায়িক অনিশ্চয়তা অর্থনীতিকে আরও দুর্বল করে তুলেছে।
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে তেল রপ্তানি থেকে আয় কমে গেছে। ফলে সরকার বাজেট ঘাটতির মুখে পড়েছে। আয় কমলেও জ্বালানিতে বিপুল ভর্তুকিসহ সরকারি ব্যয় কমানো কঠিন হয়ে পড়েছে।
সংকট কাটাতে যা করতে হবে
বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা শিথিল না হলে এবং আন্তর্জাতিক বিনিয়োগ ও অর্থায়নের সুযোগ ফিরে না এলে ইরানের পক্ষে জ্বালানি সংকট কাটিয়ে ওঠা কঠিন হবে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান সরকার বিদ্যুৎ বিভ্রাট ঠেকানোর চেষ্টা করছে বলে জানালেও শেষ পর্যন্ত রেশনিংয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে। অর্থনীতিবিদ ফারজানেগানের আশঙ্কা, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে মূল্যস্ফীতির চাপ আরও বাড়বে।
তাঁর মতে, সংকট মোকাবিলায় ইরানকে জ্বালানির অপচয় কমাতে হবে এবং উৎপাদন ও ব্যবহারে দক্ষতা বাড়াতে হবে। এ জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার, আন্তর্জাতিক অর্থায়ন, নতুন প্রযুক্তিতে বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। পাশাপাশি জ্বালানিতে সরকারি ভর্তুকি ব্যবস্থারও সংস্কার করতে হবে।
সূত্র: আল-জাজিরা