Image description

জীবনে তিনবার শয়তানকে দেখেছিলেন বলে দাবি করেছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস। এমনকি একবার ‘নরকের দরজা’ দেখার অভিজ্ঞতার কথাও লিখেছিলেন তিনি। তাঁর ব্যক্তিগত ডায়েরির নতুন প্রকাশিত অংশে এসব তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ বইয়ে এসব অভিজ্ঞতার কথা জানা যায়। ২০২১ সালের একটি ডায়েরিতে ফ্রান্সিস শয়তানকে দেখার তিনটি ঘটনার বর্ণনা দিয়েছেন।

তাঁর দাবি, একবার গাড়িতে বসে, দ্বিতীয়বার প্রার্থনার সময় গির্জার গ্যালারিতে এবং তৃতীয়বার ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় তিনি শয়তানকে দেখেছিলেন।

১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা এই ডায়েরিতে ২০১৮ সালে চিলি সফর নিয়ে নিজের অনুশোচনার কথাও তুলে ধরেছেন ফ্রান্সিস।

ওই সফরের সময় এক বিশপের পক্ষ নেওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ওই বিশপের বিরুদ্ধে এক পুরোহিতের যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ছিল। পরে নিজের ভুলের জন্য ক্ষমা চান ফ্রান্সিস। পাশাপাশি চিলির সব বিশপকে রোমে ডেকে পাঠান। সেখানে দেশটির বিশপদের সম্মিলিতভাবে পদত্যাগের প্রস্তাব দেন।

 

ফ্রান্সিসের দীর্ঘদিনের এক বন্ধু এই ডায়েরি সংকলনটি সম্পাদনা করেছেন। ছবি: সংগৃহীত
ফ্রান্সিসের দীর্ঘদিনের এক বন্ধু এই ডায়েরি সংকলনটি সম্পাদনা করেছেন। ছবি: সংগৃহীত

 

বুয়েনস আইরেসে বাড়ি ফেরার পথে গাড়ির জানালার বাইরে তিনি প্রথমবার শয়তানকে দেখেন। ডায়েরিতে তিনি লেখেন, ‘আমি তার ভয়ংকর এবং একই সাথে প্রলুব্ধকর চোখ দুটি কখনো ভুলব না।’

বুয়েনস আইরেসের একটি কারমেলাইট চ্যাপেলে প্রার্থনা চলাকালীন গায়কদলের গ্যালারিতে তিনি দ্বিতীয়বার শয়তানকে দেখেন। তিনি লেখেন, ‘সে আগুনের মতো জ্বলজ্বলে চোখে আমার দিকে তাকিয়ে ছিল, যা আগের বারের চেয়েও তীব্র ছিল।’

তৃতীয়বার ২০১৮ সালে চিলিতে গির্জার যৌন নিপীড়ন কেলেঙ্কারি সংক্রান্ত সফরের পর রোমে ফিরে এক বৈঠকে তিনি শয়তানের উপস্থিতি টের পান এবং তার বিজয়ী কণ্ঠস্বর শুনতে পান। শয়তান তাকে বলছিল, ‘আমি যা চেয়েছিলাম, তার সবই এখন পেয়ে গেছি।’

একটি ঘটনার স্মৃতিচারণ করে তিনি লেখেন, ‘তার কণ্ঠের সেই তীব্র কর্কশ আওয়াজ আমি কখনো ভুলতে পারব না।’

ডায়েরিতে আরও একটি ভীতিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফ্রান্সিস। তাঁর দাবি, ২০১৮ সালের জুনে এক রাতে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখতে পান।

তিনি লেখেন, ‘আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে ছিলাম। দৃশ্যটি আমাকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছিল।’ এ সময় আত্মরক্ষার জন্য তিনি জপমালা হাতে তুলে নেন বলেও জানান।

পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু এবং ভ্যাটিকানের বিশ্বাসবিষয়ক দপ্তরের প্রধান কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ ডায়েরিগুলো সম্পাদনা করেছেন। ১৯৬০-এর দশকের পর এই প্রথম কোনো পোপের ব্যক্তিগত ডায়েরি সাধারণ পাঠকদের জন্য প্রকাশ করা হলো।

উল্লেখ্য, ২০১৩ সালে ক্যাথলিক চার্চের পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। ২০২৫ সালের এপ্রিল মাসে ৮৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

সূত্র: বিবিসি