Image description

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। শনিবার (২১ নভেম্বর) উপত্যকাটিতে ইসরাইলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন নিহত হয়েছেন বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার নিয়ে যাওয়া একটি গাড়িতে ড্রোন হামলায়। 

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গাড়িটি বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাদ্য ও পানীয় বিতরণের জন্য যাচ্ছিল। এ সময় ইসরাইলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে গাড়িটিতে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই অন্তত তিনজন নিহত হন।

প্রত্যক্ষদর্শী বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবু জেইন আল-দায়া জানান, গাড়িটি তাঁবুতে বসবাস করা অসহায় মানুষদের মধ্যে খাবার ও পানীয় বিতরণ করত। হামলার সময় সেটি শিশুদের খাবার দেওয়ার জন্য থামতে যাচ্ছিল।

তিনি বলেন, ‘গাড়িটি গরিব মানুষ, তাঁবুতে থাকা পরিবার ও বাস্তুচ্যুতদের জন্য খাবার ও পানীয় নিয়ে যাচ্ছিল। শিশুদের খাবার দেওয়ার ঠিক আগমুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যারা মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে, তারাও এখন হামলার লক্ষ্যবস্তু।’

বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটির ভেতরে থাকা কাগজপত্রে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগো ছিল। তবে সংস্থাটি জানিয়েছে, হামলার শিকার গাড়িটি তাদের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না।

এদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বদিকে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে তার মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।

আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করেও হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে তিনজন আহত হন। তাদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

গাজা সিটি থেকে আল-খলিলি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও সাধারণ ফিলিস্তিনিদের জীবনে এখনো কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। ইসরাইলি হামলা ও গুলিবর্ষণ এখনো তাদের নিত্যদিনের বাস্তবতা হয়ে রয়েছে।

গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও উপত্যকাটিতে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে শীতের বৃষ্টি ও বন্যায় গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু তলিয়ে যাচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের সংকটের মধ্যে নতুন করে এই দুর্যোগে বিপাকে পড়েছেন হাজারো মানুষ।