Image description

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়ার আগে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রতিষ্ঠানটির সাবেক সিইও জেনসেন হুয়াং। কয়েক সপ্তাহ ধরে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার এবং পদ ধরে রাখার লড়াইয়ের পর বুধবার রাতে শেষ পর্যন্ত পদত্যাগে রাজি হন তিনি। এমনটাই দাবি করেছে সংশ্লিষ্ট পরিস্থিতি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে। আর এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগের আগের সময়টাতে হুয়াংয়ের পরিচিত দৃঢ় ও আত্মবিশ্বাসী আচরণে পরিবর্তন দেখা যায়। পরিস্থিতির চাপে তিনি বারবার ‘যা হওয়ার হবে’ এবং ‘আমি পরোয়া করি না’ এ ধরনের কথা বলতে শুরু করেন।

এনভিডিয়াকে বহু ট্রিলিয়ন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত করতে কয়েক দশক ধরে কাজ করেছেন হুয়াং। প্রতিষ্ঠানের চিপের নকশা থেকে শুরু করে অপেক্ষাকৃত জুনিয়র কর্মীদের বেতন-ভাতা প্রতিটি বিষয়ে তার ছিল নিবিড় নজরদারি। কিন্তু পদত্যাগের আগের পরিস্থিতিতে তার সেই নিয়ন্ত্রণ ও দৃঢ়তা হারিয়ে গিয়েছিল বলে দাবি করেছেন ওই বৈঠকে উপস্থিত ব্যক্তিদের একজন।

সাম্প্রতিক দিনগুলোতে হুয়াংয়ের সঙ্গে কথা বলা ব্যক্তিদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিজের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে তিনি নিজেকেই ‘একজন জঘন্য মানুষ’ বলে আখ্যায়িত করেছেন।

বিশ্বজুড়ে এআই প্রযুক্তির অন্যতম প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত হুয়াংয়ের এমন দ্রুত পতন প্রযুক্তি খাতে বিস্ময়ের সৃষ্টি করেছে। মাত্র দুই সপ্তাহ আগেও তিনি ছিলেন বৈশ্বিক এআই শিল্পের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব।

নিজের স্পষ্টবাদিতা ও কর্মোদ্যমের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সুসম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি। বৈশ্বিক প্রযুক্তিনীতি প্রভাবিত করার পাশাপাশি বিভিন্ন দেশে সফরের সময় তাকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যেত।

কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ওঠা অভিযোগ এবং পদ ধরে রাখার লড়াইয়ের পর এনভিডিয়ায় তার দীর্ঘ নেতৃত্বের অবসান ঘটে।

সূত্র: ব্লুমবার্গ