গাজায় গণহত্যা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা এবং নিজ দেশে নাগরিক স্বাধীনতা সংকুচিত করার অভিযোগে চাপে রয়েছে ইসরাইলের ডানপন্থি জোট সরকার। ক্ষমতা হারানোর আশঙ্কা যত বাড়ছে, ততই রাজনৈতিক পালাবদল ঠেকাতে মরিয়া হয়ে উঠছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতায় টিকে থাকার এই প্রচেষ্টার অংশ হিসেবে তিনি ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ বাধানোর চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, বিরোধীদের সংযম দেখানোর আহ্বান উপেক্ষা করে সম্ভাব্য ইরান হামলার প্রস্তুতি নিতে ইসরাইলি সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।
এমন খবরের পাশাপাশি জানা গেছে, ইরানে নতুন করে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রায় প্রতিদিন ফোন করে চাপ দিচ্ছিলেন নেতানিয়াহু। ইসরাইলের সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ইরানে সামরিক অভিযান চালানোর প্রস্তাব নিয়ে নেতানিয়াহুর সঙ্গে দেশটির সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামিরের বারবার বিরোধ হয়েছে। জামির এ ধরনের অভিযানের বিরোধিতা করে সতর্ক করেছেন, এতে আরো বড় আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে।
এদিকে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে একটি কার্যকর সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তার পক্ষে সরকার গঠন করা নিশ্চিত নয়। নেতানিয়াহু চাইছেন, তাকে ও তার দল লিকুদ পার্টিকে নিয়ে একটি জাতীয় ঐক্যের সরকার গঠিত হোক। অন্যদিকে আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে নতুন নির্বাচনের পথ তৈরি হওয়ার অপেক্ষাও করতে পারেন তিনি।
লন্ডনের কিংস কলেজের ইসরাইলি রাজনীতি বিশ্লেষক অ্যারন ব্রেগম্যান বলেন, ‘নেতানিয়াহু মরিয়া হয়ে উঠেছেন। তিনি জানেন, তার আচরণেই তা স্পষ্ট যে রাজনৈতিকভাবে তার বিদায় প্রায় নিশ্চিত। তাকে শুধু একটি জাতীয় ঐক্যের সরকারই রক্ষা করতে পারে।’
ব্রেগম্যানের মতে, ‘একটি ছোটখাটো যুদ্ধ আইজেনকোট ও তার সহযোগীদের সংকটের সময় এমন সরকার গঠনে বাধ্য করতে পারে।’
রাজনৈতিক স্বার্থে যুদ্ধের পথে?
বিরোধী দলের অনেক নেতা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন, নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে তিনি দেশকে একটি ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছেন। বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটও এমন অভিযোগ তুলেছেন।
তাদের মতে, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে জোট সরকার গঠনের প্রক্রিয়া বিলম্বিত করছেন। তার লক্ষ্য, সময়ক্ষেপণের মাধ্যমে নতুন নির্বাচনের পরিস্থিতি তৈরি করা।
সমালোচকেরা ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ বাধানোর উদ্যোগকে নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার কৌশল হিসেবে দেখছেন। তবে বিশ্লেষকেরা বলছেন, নেতানিয়াহু যদি সত্যিই ইরানে হামলা চালান, তাহলে তার সবচেয়ে কঠোর বিরোধীরাও শেষ পর্যন্ত তার পাশে দাঁড়াতে পারেন।
ইসরাইলের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ‘ইরানোফোবিয়া’ বইয়ের লেখক হাগাই রাম বলেন, ‘বিষয়টি স্ববিরোধী। সবাই জানে, এটি পরিকল্পিতভাবে তৈরি করা সংকট হবে। কিন্তু ইরানকে ঘিরে আতঙ্ক সবকিছুকে ছাপিয়ে যায়। নেতানিয়াহু যদি সফল হন এবং ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে পারেন, তাহলে বিরোধীরাও অবশ্যই তাঁর পাশে দাঁড়াবে। জনসাধারণও তাদের কাছ থেকে সেটাই প্রত্যাশা করবে।’
তিনি আরো বলেন, ‘তারা বুঝবে, এর পেছনে নেতানিয়াহুর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কিন্তু বিষয়টি ইরানকে ঘিরে। ইরানই তাদের সবচেয়ে বড় শত্রু।’
রামের মতে, বিরোধী দলের সাবেক সামরিক কর্মকর্তাদের জীবনের বড় একটি অংশ কেটেছে ইরানের মোকাবিলার প্রস্তুতি নিয়ে। অন্যদিকে বছরের পর বছর ইরানের হুমকির কথা শুনতে শুনতে সাধারণ মানুষের অনেকেই মনে করেন, এই যুদ্ধ একসময় অনিবার্য হয়ে উঠবে।
যুদ্ধের মূল্য দিতেও প্রস্তুত?
ইরানের সঙ্গে ইসরাইলের কয়েক দশকের বৈরিতা দেশটির মানুষের জীবনের বড় একটি সময়জুড়েই রয়েছে। দীর্ঘদিন ধরে ইসরাইলিরা ইরানের আঞ্চলিক মিত্রদের হামলার আশঙ্কার মধ্যে বসবাস করছেন। এসব মিত্রের মধ্যে লেবাননের হিজবুল্লাহ অন্যতম। ইসরাইলকে ধ্বংস করার হুমকি দিয়ে সংগঠনটির দেওয়া বক্তব্য ইসরাইলের সংবাদমাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।
এ ছাড়া ইসরাইলি নেতারা অন্তত ১৯৯০-এর দশক থেকে বারবার সতর্ক করে আসছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে এবং দেশটি সেই অস্ত্র ইসরাইলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এসব বক্তব্য ইসরাইলিদের মধ্যে ইরানভীতি আরো জোরালো করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একের পর এক সামরিক অভিযান চালায় ইসরাইল। এর মধ্যেই ২০২৫ সালের জুনে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিন ধরে পাল্টাপাল্টি হামলা চলে।
এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইরানের ওপর যৌথ হামলা চালায় ইসরাইল। এ সংঘাত বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি সমুদ্রপথে চলাচল ব্যাহত করেছে। অস্থিরতা তৈরি করেছে আর্থিক বাজারে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সংসার খরচেও এর প্রভাব পড়েছে।
তারপরও ইরানের সঙ্গে আরেকটি যুদ্ধ নেতানিয়াহুকে বর্তমান রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিতে পারে বলে মনে করেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক মনোবিজ্ঞানী ড্যানিয়েল বার-তাল।
বর্তমান পরিস্থিতিতে ইসরাইলের অধিকাংশ মানুষ নেতানিয়াহু ও তার জোট সরকারের বিরোধী। বার-তালের ভাষায়, নেতানিয়াহু এখন ‘নিজের অস্তিত্ব রক্ষার লড়াই’ করছেন। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা চলমান রয়েছে।
ইসরাইলের প্রধান মিত্র ও সামরিক সহায়তাদাতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে ইরান নিয়ে চলমান মার্কিন আলোচনা ভেস্তে দিতে দেবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বার-তাল। তবে তার ধারণা, ইসরাইলিরা এমন যুদ্ধকে সমর্থন করবেন।
বার-তালের মতে, নেতানিয়াহু বর্তমান রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য যুদ্ধকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন।
তার ভাষায়, এ ধরনের যুদ্ধ দেশে এমন অস্থিরতা তৈরি করতে পারে, যা নেতানিয়াহুকে তার বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেবে।
আপাতত ইসরাইলের মানুষের মধ্যে একধরনের স্থায়ী অপেক্ষার পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন হাগাই রাম।
তিনি বলেন, ‘মানুষ জানে, যুদ্ধের পক্ষে যেসব যুক্তি দেখানো হবে, সেগুলো কৃত্রিমভাবে তৈরি করা। তারা বোকা নয়। বিষয়টি তারা বুঝতে পারে। তবে আমার বন্ধু ও শিক্ষার্থীদের অনেকে মনে করেন, এই যুদ্ধ অনিবার্য। তারা শুধু অপেক্ষা করছেন।’
রাম আরো বলেন, ‘যুদ্ধ শুরু হলে, সবকিছু জানা সত্ত্বেও তারা দায়িত্ব পালনে হাজির হবেন এবং তাদের যা নির্দেশ দেওয়া হবে, তা-ই করবেন।’