Image description

সমুদ্রের তলায় লুকিয়ে বিপুল তেল। আর সেই তেলের ওপর ভাসছে চার দশক আগের যুদ্ধের স্মৃতি। একসময় যে দ্বীপের দখল নিতে কামান গর্জেছিল, সেখানে এবার লড়াই আদালতে৷ ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে তেল উত্তোলন ঘিরে আবার মুখোমুখি ব্রিটেন ও আর্জেন্টিনা। বিরোধ এমন পর্যায়ে পৌঁছেছে যে ব্রিটিশ তেল কোম্পানির প্রধানকে কারাগারে পাঠানোর হুমকি দিয়েছে বুয়েনস আইরেস। প্রশ্ন উঠছে, সমুদ্রের তেল কি ফের উসকে দিচ্ছে পুরোনো শত্রুতা?

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রতিষ্ঠান রকহপার এক্সপ্লোরেশনের প্রধান নির্বাহী স্যাম মুডি এবং প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা আর্জেন্টিনা সরকারের আইনি নোটিশ পেয়েছেন।

মুডি জানিয়েছেন, গত ১ সেপ্টেম্বর তাদের ফৌজদারি মামলা, কারাদণ্ড ও জরিমানার হুমকি দেওয়া হয়। জার্মানির হামবুর্গে আন্তর্জাতিক সমুদ্র আইন আদালতে জমা দেওয়া সাক্ষ্যবিবরণীতে বিষয়টি প্রকাশ করেন তিনি।

মুডির ভাষায়, আদালতে সাক্ষ্য দেওয়াও তার জন্য ‘ব্যক্তিগত ঝুঁকি’ তৈরি করছে।

বিরোধের কেন্দ্রে ‘সি লায়ন’ তেলক্ষেত্র। ফকল্যান্ডের প্রায় ২১০ কিলোমিটার উত্তরে প্রকল্পটি পরিচালনা করছে ব্রিটিশ রকহপার ও ইসরায়েলি প্রতিষ্ঠান নাভিতাস।

আর্জেন্টিনার অভিযোগ, বিতর্কিত ভূখণ্ডে একতরফা তেল উত্তোলন আন্তর্জাতিক আইনের পরিপন্থী। দেশটি নাভিতাসকে ২০ বছরের জন্য নিজেদের ভূখণ্ডে ব্যবসা থেকে নিষিদ্ধ করেছে। ব্রিটিশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডকেও প্রকল্প থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। মার্কিন প্রতিষ্ঠান হ্যালিবার্টন জানিয়েছে, তারা প্রকল্পটিতে কাজ করবে না।

ব্রিটেন অবশ্য বলেছে, ফকল্যান্ডবাসীর প্রাকৃতিক সম্পদ ব্যবহারের অধিকার রয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল এলি রিভসের দাবি, প্রকল্প বন্ধ হলে দ্বীপবাসীর জন্য পরিণতি হবে ‘বিপর্যয়কর’।

তেলক্ষেত্রটি চালু হলে দ্বীপের অর্থনীতি দ্বিগুণ হতে পারে। দীর্ঘমেয়াদে সরকারের রাজস্ব বাড়তে পারে প্রায় ৮০০ কোটি পাউন্ড।

১৯৮২ সালে ফকল্যান্ডের দখল নিয়ে দুই দেশের ৭৪ দিনের যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন ৯০৭ জন। ব্রিটেন জয়ী হলেও সার্বভৌমত্বের দাবি ছাড়েনি আর্জেন্টিনা। দেশটি দ্বীপপুঞ্জকে ‘মালভিনাস’ বলে।

গত ১০ ও ১১ নভেম্বর আন্তর্জাতিক আদালতে দুই পক্ষের শুনানি হয়েছে। আগামী ২৮ নভেম্বর প্রকল্প স্থগিতের আবেদন নিয়ে অন্তর্বর্তী আদেশ আসতে পারে।