ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেখে হয়তো অনেকেরই মেজাজ বিগড়ে যায়। কিন্তু সেই নেতানিয়াহুর মতো দেখতে কাউকে যদি নিজের দোকানে বসে বাদাম, শুকনো ফল আর মিষ্টি বিক্রি করতে দেখা যায়, তাহলে কেমন হবে? এমনই এক ব্যক্তিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
ইরানের রাজধানী তেহরানের একটি দোকানে কাজ করেন বলে প্রচারিত ওই ব্যক্তির সঙ্গে নেতানিয়াহুর চেহারার মিল দেখে অনেকে বিস্ময় প্রকাশ করছেন। কেউ তার দোকানের ঠিকানা খুঁজছেন, কেউ আবার দোকানটি বয়কটের আহ্বান জানাচ্ছেন।
ঘটনার সূত্রপাত প্রায় ৯ সেকেন্ডের একটি ভিডিও থেকে। এতে দেখা যায়, দোকানের ভেতরে দাঁড়িপাল্লার পেছনে বসে আছেন এক ব্যক্তি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তার চুলের রেখা, মুখের গড়ন ও অভিব্যক্তির সঙ্গে নেতানিয়াহুর মিল খুঁজে পান সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
এরপর বিভিন্ন পেজ ও অ্যাকাউন্টে ভিডিওটি ছড়িয়ে পড়ে। কেউ তাকে ‘ইরানের নেতানিয়াহু’ বলে পরিচয় করিয়ে দেন, আবার কেউ এই অদ্ভুত মিল নিয়ে হাস্যরস করেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা ও নেচার-এর প্রতিবেদনে ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। ভিডিওটি দেখার পর অনেকের আগ্রহের কেন্দ্রে চলে আসে দোকানটি। কেউ জানতে চান, কোথায় গেলে ওই ব্যক্তিকে দেখা যাবে। কেউ আবার সরাসরি সেখানে গিয়ে কেনাকাটা করার ইচ্ছাও প্রকাশ করেন।
তবে সবার প্রতিক্রিয়া এক রকম ছিল না। নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলের কারণে কিছু ব্যবহারকারী দোকানটি বয়কটের আহ্বান জানিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমও এ ধরনের প্রতিক্রিয়ার কথা প্রকাশ করেছে।
আলবেনীয় সংবাদমাধ্যম প্যানোরামা ১০ নভেম্বরের এক প্রতিবেদনে জানায়, দোকানটির ঠিকানা জানতে চাওয়া ব্যক্তিদের পাশাপাশি কেউ কেউ বয়কটের ডাকও দিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জেফকিও তুরস্কের সংবাদমাধ্যমের বরাতে একই ধরনের খবর প্রকাশ করেছে।
তবে ওই দোকানির পরিচয় কী, দোকানটি ঠিক কোথায় কিংবা বয়কটের আহ্বানে তার ব্যবসায় কোনো প্রভাব পড়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তার নিজের কোনো বক্তব্যও এসব প্রতিবেদনে পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে বয়কটের ডাক ছড়ালেও বাস্তবে দোকানটির বিক্রি কমেছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্য নেই।
ঘটনাটির পেছনে রয়েছে ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের বৈরিতার প্রেক্ষাপট। দুই দেশের রাজনৈতিক ও সামরিক বিরোধের কারণে ইসরায়েলি নেতাদের নিয়ে ইরানের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা প্রতিক্রিয়া দেখা যায়। সেই উত্তেজনাপূর্ণ পরিবেশে নেতানিয়াহুর মতো দেখতে এক সাধারণ দোকানিকে ঘিরে এমন আগ্রহ তৈরি হওয়াও অস্বাভাবিক নয়।
একটি ছোট ভিডিও যে একজন দোকানিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আলোচনায় নিয়ে আসতে পারে, ঘটনাটি তারই উদাহরণ। তবে নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলই শেষ পর্যন্ত তার দোকানের ক্রেতা বাড়াবে, নাকি বয়কটের ডাক ব্যবসায় প্রভাব ফেলবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলার সুযোগ নেই।
সংবাদসূত্র: ওয়াল্লা, প্যানোরামা।